২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৮তম জন্মদিনে অমিতাভ বচ্চন

ভক্তদের ভালোবাসা বিগ-বি’র কাছে সবচাইতে বড় উপহার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 05:15 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

অস্বীকার করার উপায় নেই ভারতীয় চলচ্চিত্র শিল্পে অমিতাভ বচ্চন একজন পূজনীয় অভিনেতা। যে কারণে আজ তার জন্মদিনে সামাজিক যোগযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা বার্তার জবাব দিতে গিয়ে তিনি লেখেন, তার জীবনে সেরা উপহার হল ভক্তদের ভালোবাসা।

নিজের ইন্সটাগ্রামে ভক্তদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “আপনাদের মহত্ত্ব আর ভালোবাসা আমার জীবনের সেরা উপহার... এর বেশি আমি আর কি চাইতে পারি।”

কয়েক মাস ধরেই বিগ-বি ‘কৌন বানেগা ক্রোড়পতি ১২’র নানান ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে আসছিলেন। অগাস্টে কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর তিনি এই শো’য়ের নতুন প্রান্তিকের কাজ আবার শুরু করেন।

নতুন কাজের ঘোষণাও দিয়েছেন তিনি। ‘পিকু’ এবং ‘আকর্ষণ’ ছবির পর আবারও একই পর্দা ভাগাভাগি করতে চলেছেন দিপিকা পাড়ুকৌনের সঙ্গে। যেথায় ‘বাহুবলি’ খ্যাত প্রভাসও রয়েছেন।

কয়েকে সেকেন্ডের টিজার টুইটারে পোস্ট করে অমিতাভ লেখেন, “এই গুরুত্বপূর্ণ এবং গৌরবময় ছবির অংশ হতে পেরে আমি সম্মানিত। বৈজয়ন্তী মুভিজের ৫০ বছর পূর্তিতে অনেক শুভেচ্ছা। আশা করি, এ রকম অনেক ৫০ বছর তাঁরা সাফল্যের সঙ্গে পার করবেন।”

এনডিটিভি ডটকম জানায়, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের ওপর একটি বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ছবিতে অভিনয় করবেন এই ত্রয়ী। কোভিড-১৯-এর জন্য তৈরি হওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই শুরু ছবির কাজ।

আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘গুলাবো সিতাব’ ছবিতে বিগ-বি’কে শেষবারের মতো দেখা গিয়েছিল। মহামারীর পরিস্থিতির জন্য সুজিত সরকার পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।