স্থিতিশীল থেকে অবনতি: সৌমিত্র নিবিড় পরিচর্যায়
শুক্রবার বিকালেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসকষ্ট শুরু হয়।
হঠাৎ অবস্থার অবনতি হওয়াতে তাকে স্থানান্তরিত করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ‘আইটিইউ’তে।
অথচ শুক্রবার সকালবেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল এই বর্ষীয়ান বাঙালি অভিনেতার অবস্থা স্থিতিশীল রয়েছে।
৬ অক্টোবর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানকার জ্যেষ্ঠ চিকিৎসক প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া’কে জানায়, তার শারীরিক অবস্থা বেশ জটিল হয়েছে। বিকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। যেকারণে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য তাকে আইটিইউ’তে স্থানান্তরিত করা হয়েছে।
ইন্ডিয়া টুডে’র খবরে প্রকাশ, ‘দাদা সাহেব ফালকে’ পদকে ভূষিত সৌমিত চট্টোপাধ্যায় মহামারীর পর টালিগঞ্জে কাজ শুরু হওয়াতে গত দুই মাস ধরে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্রে ওপর নির্মিত আত্মজীবনিমূলক প্রামাণ্যচিত্র ‘অভিযান’য়ে কাজ করছিলেন। যে ছবিতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত।
অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সিরিজ ফেলুদা’য় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখনও সেরা ‘ফেলুদা’ হিসেবেই গণ্য করা হয়। সত্যজিতের হাত ধরেই ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পদার্পন করেন সৌমিত্র।
সত্যজিৎ রায় পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে সৌমিত্র অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে- ‘চারুলতা’, ‘দেবী’, ‘তিন কন্যা’, ‘ঘরে বাইরে’, ‘গণশত্রু’।
এনডিটিভি’র তথ্যানুসারে গত বছরের ‘সাঁঝবাতি’ ছবিতে অভিনয়ের পর এখন পর্যন্ত তার কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি।
২০০৪ সালে পদ্মভূষণ, ২০১২ সালে দাদা সাহেব ফালকে’ পদকে ভূষিত হওয়া ছাড়াও ১৯৯১ সালে ‘অন্তর্ধান’, ২০০০ সালে ‘দেখা’ এবং ২০০৬ সালে ‘পদক্ষেপ’ ছবির জন্য তিনবার জাতীয় পুরষ্কার জয় করেন সৌমিত্র।
বর্তমানে এই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে তার ভক্তকূল বেশ উৎকণ্ঠায় রয়েছে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে।
টালিগঞ্জে এর আগেও করোনাভাইরাসের আক্রমণ চলেছে। মা হওয়ার পরপরই কোভিড-১৯’য়ে আক্রান্ত হন অভিনেত্রী কোয়েল মল্লিক, তার বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিংহ। আরও আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
এছাড়া টালিগঞ্জের আরেক প্রবীণ অভিনেতা সহকারী পরিচালক ও টেকশিয়ান অরুণ গুহঠাকুরতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জুলাই প্রয়াত হন।
