দনিয়া স্টুডিও হলের ‘নাট্য উৎসব’
দনিয়া স্টুডিও থিয়েটার হল দ্বিতীয়বারের মত 'নাট্যোৎসব' আয়োজন করছে।
১৭ মার্চ, ২০২০ থেকে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর ছোবলে পৃথিবীর মানুষ ঘরবন্দি। যার ফলে সারা বিশ্বের অন্যান্য মঞ্চের মত 'দনিয়া স্টুডিও থিয়েটার হল' মঞ্চটিও দীর্ঘদিন যাবৎ বন্ধ। বর্তমান অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে সীমিত পরিসরে কিছু কার্যক্রম চালু হলেও মঞ্চে বা মিলনায়তনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত হয়নি। কিন্তু সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট মানুষেরা সবসময় ভয়কে পরাভূত করে কোভিড-১৯ এর মত অদৃশ্য শত্রুর অনবরত হুমকির মধ্যেও নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের কাছে ছুটে গিয়েছে সেবা ও সহযোগিতার ব্রত নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেছে। স্বাস্থ্যবিধি মেনে অনেকে আবার সাংস্কৃতিক পরিবেশনা সমূহের আঙ্গিক পরিবর্তন করেছে। উপরোক্ত বিষয়াবলী বিবেচনা রেখে এবারের উৎসব শ্লোগান নির্ধারণ করা হয়েছে-
'ভয়কে জয় করে - নাটক'।
দনিয়া স্টুডিও থিয়েটার হলে দুদিনব্যাপি এ নাট্যমেলা অনুষ্ঠিত হবে ৯ ও ১০ অক্টোবর ২০২০। সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে এই নাট্যমেলায় ৮ (আট)টি নাট্যদল তাদের পরিবর্তিত পরিস্থিতি উপযোগী নাটক উপস্থাপন করবে। দলগুলো হলোঃ মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা - শ্রাবণ ট্র্যাজেডি (অংশবিশেষ), শৌখিন থিয়েটার প্রযোজনা - প্রভাত ফিরে এসো, মৈত্রী থিয়েটার প্রযোজনা - চা অথবা কফি, সায়াহ্নিকা থিয়েটার প্রযোজনা - বসন্তের কুটুম, কথক থিয়েটার ঢাকা প্রযোজনা - নিঃশ্বাস, চন্দ্রকলা থিয়েটার প্রযোজনা - শেখ সাদী (অংশবিশেষ), নাট্যযোদ্ধা প্রযোজনা - অসমাপ্ত, শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজনা - বীরাঙ্গনার বয়ান।
উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, শারদীয় নাট্যোৎসব-এর প্রবক্তা লায়ন চিত্তরঞ্জন দাস, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান।
দু'দিনব্যাপি এই নাট্যমেলায় সহযোগিতা করছে দনিয়া সাংস্কৃতিক জোট এবং দনিয়া পাঠাগার।
