সেলিম-চঞ্চলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যাত্রী’
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘যাত্রী’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
মহামারীকালে জনসাধারণের ভিন্ন ধরনের অভিজ্ঞতার আলোকে নির্মিত পাঁচ পর্বের এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’র স্বল্পদৈর্ঘ্যটি ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজে প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর মূল চরিত্র মতি দারোয়ানের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও আছেন শ্যামল মাওলা, রামিশা নীলা, আহসানুল হক মিনু প্রমুখ।
রেড.ডিজিটালের মার্কেটিং লিড নূর ঈ তাজরিয়ান খান বলেন, “বিনোদনের মাধ্যমে করোনাকালীন সামাজিক ও মানবিক বিপর্যয়ের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতার বাস্তব চিত্র তুলে ধরা এবং জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে দেশের পাঁচজন বিশিষ্ট পরিচালক নির্মিত পাঁচটি শর্টফিল্মের মাধ্যমে।”
সিরিজের পরবর্তী র্শটফিল্ম পরিচালক অনিমেষ আইচ নির্মিত ‘মুখ আসমান’ আগামী ৫ অক্টোবর, পরিচালক নুরুল আলম আতিকের ‘নিষিদ্ধ বাসর’ ৯ অক্টোবর, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ‘এসো বসে একসাথে খাই’ ১৩ অক্টোবর এবং পরিচালক আবু শাহেদ ইমনের ‘আড়াই মন স্বপ্ন’ ১৭ অক্টোবর থেকে বিনজ’-এ প্রকাশ করা হবে।
