২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ তহবিলে চলচ্চিত্রের ‘সুদিন ফিরবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিনেমা হলের জন্য বিশেষ ঋণ তহবিল গঠনের উদ্যোগের খবরে হল মালিক, প্রযোজকরা বলছেন, এর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রের সুদিনের দরজা খুলবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2020, 07:55 PM

Updated : 08 Apr 2022, 01:18 AM

২৫ অগাস্ট একনেকে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হল চালু করতে ঋণ তহবিলের আগ্রহের কথা জানানোর দুইদিন পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রদর্শক সমিতির নেতারা।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশনা দিয়েছেন এটা বাস্তবায়ন হওয়ার এখন সময়ের ব্যাপার বলে মনে করছি। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের সুদিন ফিরবে।”

খসরু বলেন, “তথ্যমন্ত্রী আমাদের ধারণা দিয়েছেন, তহবিলটা ৭০০ কোটি টাকার মতো হচ্ছে। এটা স্বল্পসুদে দীর্ঘমেয়াদী ঋণ।”

এর আগে স্বল্পসুদে ঋণ পেতে গভর্ননের সঙ্গে বৈঠক করেছেন হল মালিক ও প্রযোজকরা।

খসরু বলেন, “উনি বলেছিলেন, ৯% সুদের কমে কেউ লোন দেবে না। ঋণের অর্থও স্বল্প মেয়াদে টাকা ফেরত দিতে হবে। অল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল ছাড়া হবে না।

“প্রধানমন্ত্রীর তহবিল থেকে হল মালিকরা ১% থেকে ২%সুদে ২০ বছর মেয়াদী ঋণ পাবেন। শুধু হল মালিকরা না, প্রযোজনে প্রযোজক ও তরুণ পরিচালকরাও যাতে এখান থেকে ঋণ পায় সেই প্রস্তাবও আমরা রাখছি।”

১৫ সেপ্টেম্বর সিনেমা হল খোলার বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে প্রদর্শক সমিতি, প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির আরেকটি বৈঠকের কথা রয়েছে।