২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিজড প্লেজার’ মুক্তি পাচ্ছে ২৮ অগাস্ট

প্রয়াত গায়ক, কবি ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিজড প্লেজার’ অনলাইন প্লাটফর্ম লাগভেলকি ডট কমে মুক্তি পাচ্ছে ২৮ অগাস্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 06:52 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাফাত জামিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি চট্টোপাধ্যায়। অন্য দুই চরিত্রে দেখা যাবে লাল্টু হোসেন ও তানভীর সিদ্দিকীকে।

নির্মাতা মোরশেদুল ইসলামের ‘সূচনা’ চলচ্চিত্রে অভিনয়য়ের প্রায় তিন দশক পর কোনও চলচ্চিত্রে কাজ করলেন জ্যোতি চট্টোপাধ্যায়।

ছবিটিতে প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন তপন রায়। চিত্রধারণ করেন মার্টিন হান্নান। এর সম্পাদনা করেন এসকে শুভ। কালার গ্রেডিং করেন সাইফ রাসেল।

শিল্প নির্দেশক ছিলেন শামসি নূর। সাউন্ড ডিজাইন করেন তালহা-বিন আলী। এছাড়াও ফাহিম, তারেক, পিয়াস ও জিসান ছিলেন সহকারি পরিচালক।

২০১৯ সালে ছবিটি ফিলিপাইন, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী হয়।

বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব- ২০১৮ আসরে  শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও বিশেষ জুরি পুরস্কার বিভাগে পুরস্কারের জন্য মনোনয়ন পায়।

পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবের মাধ্যমে ছবিটি একই সময়ে দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয়। একই বছর সিজড প্লেজার বাংলা টিভির (টেলিভিশন) মাধ্যমে ঈদ অনুষ্ঠানের অংশ হিসেবে সারাদেশে সম্প্রচারিত হয়।