নোবেলের বিরুদ্ধে সংগীত পরিচালক সৈকতের অভিযোগ
‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি প্রকাশ করায় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
সোমবার নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিযোগ তোলেন টালিগঞ্জের সংগীত পরিচালক সৈকত চট্টোপাধ্যায়।
বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নোবেল।
সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত চুক্তি হওয়ার আগে প্রকাশ না করার শর্তে ‘বাংলা মিলবে কবে’ গানটি নিয়েছিলেন নোবেল। লিখিত চুক্তির আগেই অনুমতি ছাড়াই গানটি ইউটিউবে গান প্রকাশ করে নোবেল কপিরাইট লঙ্ঘন করেছেন।
বাংলাদেশ ও আন্তর্জাতিক কপিরাইট আইনে গানের মূল স্বত্ব গীতিকার ও সুরকারের; কন্ঠশিল্পী কোনো গানের কপিরাইটের অধিকার লাভ করতে পারে না।
সুরকার ও গীতিকারের অনুমতি ছাড়া কোনো গান প্রকাশ করলে তা কপিরাইট আইনের ৭১ ধারার লঙ্ঘন মর্মে ৮২ ধারায় সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকার অর্থদণ্ডের বিধান রয়েছে প্রচলিত কপিরাইট আইনে।
গানের পারিশ্রমিক বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও অগ্রীম ১০ হাজার টাকা দেওয়ার পর বাকি অর্থ দেওয়া হয়নি সুরকার ও গীতিকারকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে ত্রিপুরায় নোবেলের বিরুদ্ধে নামে মামলা হওয়ার পর গানটি প্রকাশে বিরত থাকতে বলেছিলেন সৈকত।
তাকে নোবেল সম্মতি জানালে তার ১০ হাজার টাকা ফেরত দেবেন বলে জানান তিনি।
তার আগেই সোমবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন নোবেল।
সৈকত আক্ষেপ প্রকাশ করে বলেন, “টাকার জন্য নয়, জীবনের জন্য আমি গান করি। এমন কাজ করবে জানলে কখনোই ওকে গানটা দিতাম না। গানটি প্রকাশের আগের দিনও বলেছি, অনুমতি না দেওয়া আগে গানটি প্রকাশ করা যাবে না। এটা তো এক ধরনের প্রতারণা।”
দেশভাগের যন্ত্রণার কথায় ২০১৬ সালের দিকে ‘বাংলা মিলবে কবে’ গানটি লিখেছিলেন এ গীতিকার; গান গাওয়ার বিষয়ে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের প্রাথমিক কথা হলেও পরে সেটি আর হয়নি।
পরে কলকাতার বেইজ গিটারিস্ট বাচস্পতির মাধ্যমে গানটি নিয়েছিলেন নোবেল।
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মে নির্বাচিত অনীক রায় চৌধুরীর ‘স্ত্রীর পত্র’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে সমালোচকদের কাছে প্রশংসিত হন সৈকত চট্টোপাধ্যায়।
রাজদীপ ঘোষের পরিচালনায় ঋত্বিত চক্রবর্তী ও রাইমা সেন অভিনীত ‘শুভ শারদীয়া’, সব্যসাচী চক্রবর্তী অভিনীত ‘গুপি গাএন’, ‘ফেলুনাথের মার্কশিট’ ও ‘চরকি’সহ কেশ কয়েকটি টালিগঞ্জের চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন তিনি।
‘কাটিনিট্রম’ নামে একটি মালায়ালাম চলচ্চিত্রের সংগীত পরিচালনার কথা রয়েছে তার।
