অনুদানের চলচ্চিত্র: বাজেট ৭৫ লাখ, মুক্তি ১০ সিনেমা হলে
২০২০-২১ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান বাড়িয়ে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ২০ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার।
২০১৮-১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল; সেখান থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা বাড়িয়ে গত সোমবার এক নীতিমালা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
২০২০ সালের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় (সংশোধিত) জানানো হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেওয়া হবে।
অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নূন্যতম ১০টি সিনেমা হলে মুক্তির দেওয়ার নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে নীতিমালায়।
দীর্ঘদিন ধরে অনুদানপ্রাপ্ত প্রযোজক ও নির্মাতাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক সিনেমা হলে ছবি মুক্তি না দেওয়ার অভিযোগের মধ্যেই এ শর্ত দেওয়া হলো।
এবার একটি শিশুতোষ চলচ্চিত্রসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে আরেক নীতিমালায় জানানো হয়েছে।
নীতিমালার অন্যান্য শর্তগুলোর মধ্যে রয়েছে-অনুদানের চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করতে হবে, চলচ্চিত্রের ভাষা ও বিষয়বস্তু জেন্ডার সংবেদনশীল হতে হবে, ডিজিটাল ফরমেটে দৃশ্যধারণ করতে হবে।
‘উন্নতমানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০১২ (সংশোধিত)’ থেকে বেশকিছু তথ্য-উপাত্ত যুক্ত করে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
নতুন নীতিমালার আলোকে শিগগির ১১ সদস্যের অনুদান কমিটি ও ৭ সদস্যের অনুদান বাছাই কমিটি গঠন করা হবে।
প্রতি বছর ৩১ অগাস্টের মধ্যে চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।
