বাজেটে এফডিসির নামে বরাদ্দ নেই
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্রের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নামে কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
রোববার দুপুরে সহকারী সচিব (বাজেট-১) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এফডিসি নিজস্ব বাজেটেই চলার কথা। যদিও চলতে পারে না; প্রতি বছরই সরকার অনুদান দেয়। তবে জাতীয় বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখা হয় না।”
তবে তথ্য মন্ত্রণালয়ের অধীভুক্ত সংস্থা হিসেবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডসহ ১১টি সংস্থার নামে প্রতি বছর বাজেটে বরাদ্দ দেওয়া হয়।
তথ্য মন্ত্রণালয়ের অধীভুক্ত সংস্থাগুলোর মধ্যে একমাত্র স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে এফডিসির নামে কোনো বছরই বাজেট বরাদ্দ থাকে না বলে জানান এ সহকারী সচিব।
মনিরুল ইসলাম জানান, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এফডিসিকে নিজস্ব আয়ে চলতে হয়; এটাই সরকারি নিয়ম। শুধু এফডিসি নয়, আরো ১০০টির মতো করপোরেশনের নামে বাজেটে কোনো বরাদ্দ থাকে না।
এফডিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “তথ্য মন্ত্রণালয়ের বাকি সংস্থা বরাদ্দ পেলেও এফডিসি বরাদ্দ পায় না। আমরা সরকারি সুবিধা চাই। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে বাজেটে বরাদ্দেরও দাবি জানাচ্ছি।”
চলচ্চিত্রের মন্দাবস্থার মধ্যে কয়েক বছর ধরেই লোকসান গুনছে এফডিসি; নিজস্ব আয়ে তো চলতে পারছেই না বরং কর্মীদের বেতন পরিশোধ করতে সরকারি অনুদানের উপর নির্ভর করছে।
চলতি বছরের ৬ মাস না পেরোতেই এফডিসিকে ১১ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার।
এর মধ্যে প্রথম দফায় ৫ কোটি ও দ্বিতীয় দফায় ঈদের আগে কর্মীদের দুই মাসের বেতন ও বোনাস পরিশোধ করতে ৬ কোটি টাকা অনুদান নিয়েছে এফডিসি।
চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় প্রতি বছরই এফডিসিকে আর্থিক সঙ্কটে পড়তে হচ্ছে বলে জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নুজহাত ইয়াসমিন।
ঘাটতি মেটাতে চলতি বছরের শুরুর দিকে অর্থ মন্ত্রণালয় থেকে ২১ কোটি টাকার অনুদান চেয়ে রেখেছে এফডিসি।
