২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে পারিশ্রমিকে ছাড় দেবেন শিল্পীরা

করোনাভাইরাসের ধাক্কায় ধুঁকতে থাকা চলচ্চিত্র শিল্পের স্বার্থে প্রয়োজনের আগের তুলনায় পারিশ্রমিক কমাতে রাজি আছেন বলে অভিনয়শিল্পীরা জানিয়েছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 09:17 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

সঙ্কটকালে লোকসান এড়াতে অল্প বাজেটে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন প্রযোজকরা; সেকারণে পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনয়শিল্পীদের ছাড় দেওয়ার আহ্বান জানান তারা।

কী পরিমাণে পারিশ্রমিক কমাবেন-সে বিষয়ে তারকারা সরাসরি মুখ না খুললেও বেশিরভাগ তারকাই জানান, চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে তারা ছাড় দেবেন।

চিত্রনায়ক শাকিব খানের ছবিপ্রতি ৬০ লাখ টাকা পারিশ্রমিকের খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে; তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি জানান, প্রয়োজনে তিনি অর্ধেকেরও বেশি পারিশ্রমিক কমিয়ে দেবেন।

একই কথা বলেছেন আরেক চিত্রনায়িকা মাহিও; যিনি একসময় ৮ লাখ টাকার মতো পারিশ্রমিক নিতেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সেখান থেকে কী পরিমাণ পারিশ্রমিক কমাবেন তা নির্দিষ্ট করে না বললেও তিনি বলেন, এটা চলচ্চিত্রের উপর নির্ভর করবে। তবে করোনাভাইরাসের কারণে অবশ্যই পারিশ্রমিকে ছাড় দেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বলেন, “এই সঙ্কট মোকাবেলা করতে শুধু অভিনয়শিল্পী না, নির্মাতা ও কলাকুশলীদেরও ছাড় দিতে হবে। অন্যথায় আমাদের লোকসানের মুখে পড়তে হবে। লোকসান গুনে কেউই ছবি বানাতে চাইবেন না।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে টানা আড়াই মাস ধরে চলচ্চিত্রের শুটিং ও সিনেমা হল বন্ধ থাকায় চলচ্চিত্র শিল্পের ‘৩০০ কোটি টাকা’ লোকসান হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং শুরুর অনুমতি দেওয়া হলেও করোনাভাইরাসে ঝুঁকির মধ্যে অনেকেই শুটিংয়ে অংশ নিচ্ছেন না।

প্রযোজকরা বলছেন, এই সঙ্কট কাটিয়ে উঠতে ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা দরকার। শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের সহযোগিতা ছাড়া সঙ্কট কাটিয়ে উঠা সম্ভবপর হবে না।

এখনও দেশের সব সিনেমা হল বন্ধ রয়েছে। কোনো চলচ্চিত্রই মুক্তি না পাওয়ায় চলচ্চিত্র শিল্প কার‌্যত ‘স্থবির’ হয়ে আছে।