২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সিনেমা হল খুলবে কি না, সিদ্ধান্ত রোববার

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দেড়মাস ধরে বন্ধ থাকা সিনেমা হল ঈদে খোলা কিংবা বন্ধ রাখা নিয়ে মতানৈক্যের মধ্যে রোববার বৈঠকে বসছেন হল মালিকরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 04:17 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

রাজধানীর মধুমিতা সিনেমা হলে দুপুর দেড়টায় নেতৃস্থানীয় হল মালিকদের নিয়ে বৈঠকে বসছেন বাংলাদেশ প্রদর্শক সমিতির প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতৃস্থানীয় হল মালিকদের সঙ্গে কথা বলেই সিনেমা হল খোলা কিংবা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচনের অনিয়মের অভিযোগ উঠায় নির্বাচন স্থগিত করে আবদুল আউয়ালকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। প্রদর্শক সমিতির নির্বাচিত কমিটি আসার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকছেন।

দায়িত্ব নেওয়ার পর হল মালিকদের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। বৈঠকে মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ, হল মালিকদের নেতা কাজী শোয়েব রশীদসহ আরো অনেকের থাকার কথা রয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ১৮ মার্চ থেকে সিনেমা হল বন্ধ রয়েছে; পরবর্তীতে চলচ্চিত্রের শুটিংও স্থগিত রেখেছে চলচ্চিত্র সংগঠনগুলো।

সম্প্রতি বিপণিবিতান খোলার সরকারি নির্দেশনার পর হল মালিকদের একাংশ বলছেন, স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলও খুলে দেওয়া হোক। তবে আরেক পক্ষ বলছেন, তারা সিনেমা হল খুলতে চান না।

ইফতেখার উদ্দিন নওশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টানা কয়েক মাস ধরে হল বন্ধ থাকায় কর্মচারীরা মানবেতন জীবনযাপন করছেন; তাদের কথা বিবেচনা করে সিনেমা হল খুলে দিলে কয়েকটা দিন সিনেমা চালিয়ে বেতন দেওয়া সম্ভব হবে। অন্যথায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হবে।

তবে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে নিজের মালিকানাধীন কোনো সিনেমা হল খুলতে চান না একাধিক হলের মালিক কাজী শোয়েব রশীদ।

সিনেমা হল বন্ধ থাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকসানের কথা স্বীকার করলেও স্বাস্থ্যঝুঁকির প্রসঙ্গ তুলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিনেমা হলের ভেতরে বদ্ধ পরিবেশ; আলো-বাতাস কাজ করে না। দর্শকদের খুব কাছাকাছি বসতে হয়। দর্শকদের মধ্যে একজন আক্রান্ত হলে সবার মধ্যে ছড়িয়ে পড়বে।”

পুরনো খবর:

সিনেমা হল খোলার দাবি প্রযোজকদের, মালিকদের ‘না’