কোভিড-১৯: সুস্থ হয়ে বাসায় ফিরলেন সেই নাট্যনির্মাতা
করোনাভাইরাসে আক্রান্ত সেই নাট্যনির্মাতা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর সাধারণ সম্পাদক এস.এ হক অলিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানিয়েছেন।
মাসখানেক আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অলিক বলেন, “সবার দোয়ায় সুস্থ হয়ে পর গত সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাসায় ফিরেছেন।”
৪০ বছর বয়সী এ নির্মাতা পরিবার নিয়ে রাজধানীর মালিবাগ এলাকায় বাস করেন।
ছোটপর্দা কিংবা বড়পর্দার অভিনয়, নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে তিনিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন; এর মধ্যে নতুন কারো মধ্যে সংক্রমণের খবর পাওয়া যায়নি।
তবে দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা হু হু করে বাড়ছে।
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্য মতে, রোববার পর্যন্ত দেশে মোট আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জনের মধ্যে ২২৮ জন মারা গেছেন।
