২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র পুরস্কারে আবেদনের মেয়াদ বাড়ছে

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ বাড়াচ্ছে তথ্য মন্ত্রণালয়। 

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 01:16 PM

Updated : 25 Jul 2022, 07:02 PM

এর আগে এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

দেশে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নির্ধারিত সময়ে অনেকে চলচ্চিত্র জমা দিতে না পারায় মেয়াদ বাড়ানো হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।

কতদিন বাড়ানো হতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অফিস খোলার পর জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।”

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদাধিকার বলে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কমিটির জুরি বোর্ডের সদস্য সচিবের দায়িত্বেও আছেন জসীম উদ্দিন। 

সেন্সর বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার খুবই কম চলচ্চিত্র জমা পড়েছে। অনেকে জমা দিতে চাইলেও মেয়াদ শেষ হওয়ার কারণে জমা দিতে পারেনি। তারা মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন।”

এবার ২৮ বিভাগে পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নির্ধারিত তারিখ ঘোষণা করার পর চলচ্চিত্র সেন্সর বোর্ড অফিস ও ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে তার সঙ্গে উন্নতমানের প্রিন্টের ডিভিডি জমা দিতে হবে।

চলচ্চিত্র জমা দেওয়ার শর্ত:

ক. কেবল বাংলাদেশি নাগরিকরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

খ. আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদেরকে বিবেচনা করা হবে।

গ. যৌথ প্রযোজনার চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। তবে সেই সিনেমায় বিদেশি শিল্পী-কলাকুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

ঘ. পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য অবশ্যই ছবিটিকে সেন্সর সনদ পেতে হবে এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। স্বল্পদৈর্ঘ্য এবং প্রমাণ্যচিত্রের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শনের বাধ্যবাধকতা না থাকলেও বিবেচ্য বছরে সেন্সর সনদ পেতে হবে।

ঙ. কাহিনীর ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক/প্রকাশকের কপিরাইট বা অনুমতি নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে।

চ. বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনী পুরস্কারে বিবেচিত হবে না।

পুরনো খবর:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান