লকডাউনের মধ্যে শুটিং করলে প্রতিহতের হুঁশিয়ারি
মহামারী করোনাভাইরাসের প্রকোপে সরকারের ‘ঘরবন্দি’ থাকার নির্দেশনার মধ্যে বাইরে কোনো নির্মাতা-অভিনয়শিল্পী শুটিং করলে সাংগঠনিকভাবে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেছেন টিভি নাটকের শীর্ষ নেতারা।
অভিনয়শিল্পী সংঘের আয়োজনে ‘করোনাকালের বিপর্যয়ে কেমন আছেন টেলিভিশন নাটকের শিল্পী ও কলাকুশলীরা?’ শীর্ষক এক ফেইসবুক লাইভ আলোচনায় এ কথা বলেন নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু।
দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় কয়েক দফায় সাধারণ ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার।
অন্যান্য কার্যক্রমের মতো টিভি নাটকের শুটিংও প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে; ঈদকে সামনে রেখে লকডাউনের মধ্যে সীমিত পরিসরে নাটকের শুটিং শুরুর প্রস্তাব জানান এক নাট্য পরিচালক।
সালাউদ্দিন লাভলু সাফ জানিয়ে দেন, “সরকার নির্ধারিত বন্ধের সময়ে আমরা কেউ শুটিং করব না। আমার ব্যক্তিগত মতামত, কেউ যদি শুটিং করতে চায় অবশ্যই সাংগঠনিকভাবে প্রতিহত করতে হবে। তা না হলে সরকার ও সবার কাছে আমাদের বিশ্বস্ততা নষ্ট হবে।
“শুটিং করতে গিয়ে কেউ আক্রান্ত তার দায়ও সংগঠনের কাঁধেই আসবে। আমাদের কাছে জানতে চাওয়া হবে, আপনারা কিভাবে পারমিশন দিলেন? আমরা ঝুঁকি নিয়ে চাই না।”
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমরা ভীষণ স্বার্থপর। শুধু আমাদের কথায় চিন্তা করি। পৃথিবীজুড়ে মহামারী চলছে। সরকার যেখানে বলছে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকতে হবে। নিজেদের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য ঘরে থাকাটা জরুরি। সেখানেও দুয়েকজন কিভাবে শুটিং করার চেষ্টা করছে। এটা তো হতে পারে না।”
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিমের সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠানে যোগ দেন এফটিপিও’র চেয়ারম্যান মামুনুর রশীদ, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইরেশ যাকের ও টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা।
