২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিটিভিতে ফিরছে ‘সংশপ্তক’

করোনাভাইরাসের কবলে ‘ঘরবন্দি’ দর্শকদের একঘেয়েমি কাটাতে এবার সাহিত্যিক শহীদুল্লা কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত নন্দিত ধারাবাহিক ‘সংশপ্তক’ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 08:05 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

পুরনো খবর:

বিটিভিতে ফিরছে ‘কোথাও কেউ নেই’
বিটিভিতে রোজ ৮টার সংবাদের পর ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’

৬ এপ্রিল থেকে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ প্রচার শুরুর পর দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় রেখে ‘সংশপ্তক’ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ।

সপ্তাহখানেক পর ‘বহুব্রীহি’র অবশিষ্ট প্রচার শেষ হলেই ‘সংশপ্তক’ প্রচার শুরুর পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।

শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দেন ইমদাদুল হক মিলন। পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন, আল মনসুর ও মোহাম্মদ আবু তাহের।

এতে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসিত হন খ্যাতিমান অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদি।

এতে আরো অভিনয় করেন ফেরদৌসী মজুমদার, রাইসুল ইসলাম আসাদ, মুজিবুর রহমান দিলু, মামুনুর রশীদ ও সুবর্ণা মুস্তাফা।

১৯৭১ সালে নাটকটি নির্মাণকালে মুক্তিযুদ্ধ শুরুর পর দীর্ঘদিন দৃশ্যধারণ বন্ধ ছিল। স্বাধীনতার পর আশির দশকের শেষভাগে পুরোদমে নাটকটি প্রচার শুরু হয় বিটিভিতে; দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়টা অর্জন করে ধারাবাহিকটি।

তার প্রায় ত্রিশ বছর পর আবারো ধারাবাহিকটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হলো; ইতোমধ্যে টেপ থেকে ধারাবাহিকটির ট্রান্সফারের কাজ শুরু করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিটিভির আরেক কর্মকর্তা।

তিনি বলেন, “পুরোনো দিনের ধারাবাহিকগুলো এই প্রজন্মের তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ঘরবন্দি এই সময়ে দর্শকদের বিনোদনের জন্য পুরানো দিনের ধারাবাহিকগুলো প্রচারের ব্যবস্থা করছি।”

করোনাভাইরাসের কবলে ‘ঘরবন্দি’ দর্শকদের বিনোদনের জন্য ৬ এপ্রিল থেকে রোজ রাত সাড়ে ৮টা ও ৯টায় প্রচার চলছে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’। ইতোমধ্যে ধারাবাহিকগুলোর ১৮টি পর্ব প্রচার করা হয়েছে।

উপন্যাসিক হুমায়ূন আহমেদের রচনায় ‘কোথাও কেউ নেই’ নির্দেশনা দেন বরকত উল্লাহ; নাটকের ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অভিনেতা আসাদুজ্জামান নূর।

এতে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদীসহ আরো অনেকে অভিনয় করেন।

আরেক ধারাবাহিক ‘বহুব্রীহি’ও লিখেন হুমায়ূন আহমেদ; এটি প্রযোজনা করেন নওয়াজিশ আলী খান।

একটি পরিবারকে ঘিরে আবর্তিত হওয়া এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফসহ আরো অনেকে।