শিশুদের জন্য দুরন্ত টিভিতে ‘মেছো তোতা গেছো ভূত’
দুরন্ত টেলিভিশনে নতুন মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘মেছো তোতা গেছো ভূত’।
ইউএসএইডের অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাস্তবায়িত ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি এবং দুরন্ত টেলিভিশনের যৌথ উদ্যোগে তৈরি ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মেছো তোতা গেছো ভূত’।
নাটকটি প্রচারিত হবে ১৭ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার, দুপুর ২ঃ৩০ মিনিটে এবং রাত ৯ঃ৩০ মিনিটে।
নাটকটিতে দেখা যাবে দশ বছরের তোতা তার মা-বাবা ও দাদির সাথে থাকে। তোতার সারাদিন কাটে ময়না আর দুই পুতুলবন্ধু ইতু ও মিতু'র সাথে। ওরা একসাথে খেলা করে, ঘুরে বেড়ায় ও দাদির কাছে রূপকথার গল্প শোনে। পুতুলগুলো সারাদিন গাছে থাকে। তাই দাদি ওদের ‘গেছো ভূত’ বলে ডাকেন। আর তোতাকে ডাকেন 'মেছো তোতা' বলে, কারণ সে মাছ খেতে ভালবাসে। অন্যদিকে ময়না ভীষণ হাসিখুশি আর সাহসী মেয়ে যে কিনা সব সময় নতুন কিছু শিখতে ভালোবাসে। এসব নিয়ে এগিয়ে চলে তোতা আর ময়নার প্রতিদিনের খেলাধুলা, খুনসুটি ও কল্পনার জগৎকে ঘিরে নানান কাহিনী। এই নাটকের মধ্য দিয়ে জানা যাবে মাছের পুষ্টিগুণ, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা এবং ছেলে-মেয়ে উভয়ের সমান কাজ করার ক্ষমতা সম্পর্কে।
নাটকটি পরিচালনা করেছেন সৈমো নজরুল। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন মনিরুল ইসলাম রুবেল। নাটকটিতে অভিনয় করেছেন শিশুশিল্পী ইশরাক তুর্য, ওয়ানিয়া জারিন আনভিতা, শহীদুজ্জামান সেলিম, ফারজানা ছবি, তুষার খান, ওয়াহিদা মল্লিক জলি, শতাব্দী ওয়াদুদ, দিপা খন্দকার ও প্রিয়াম অর্চিসহ অনেকে। পাপেটিয়াররা হলেন- খালেদ হাসান রুমি, সায়মা করিম, মেহেরুন্নেসা ছোটো, ফয়সাল মাহমুদ, জর্জ দীপ্ত, মৃধা অওমি ও ফায়কুজ্জামান শিহাব।
