২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতার জেলা পর্ব শুরু

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও উদীচী আয়োজন করতে যাচ্ছে সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2020, 07:41 PM

Updated : 08 Apr 2022, 12:28 AM

উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর জন্মদিনকে উপলক্ষ করে এ উৎসব ও প্রতিযোগিতা আয়োজিত হবে আগামী ২৭ ও ২৮ মার্চ ২০২০। এবার এ আয়োজনের একাদশতম বর্ষ।

উদীচী আয়োজিত একাদশ সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা ২০২০-এর ঢাকা জেলা পর্ব অনুষ্ঠিত হয় ১৩ মার্চ ২০২০, শুক্রবার।

সকাল নয়টায় পুরানা পল্টনে ২, মণি সিংহ সড়কে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম পাওয়া গেছে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে।

আগামী ২০ মার্চ ২০২০ শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।

আগামী ২৭ মার্চ ২০১৯ জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দেশে ও বিদেশে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়। সেখানে যারা বিজয়ী হবেন তারা আগামী ২৭ মার্চ ২০২০ ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়- এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনুর্ধ্ব-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, অনূর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সকল প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত থাকবেন। দলীয় প্রতিযোগিতা (‘ঘ’ বিভাগ)-এর ক্ষেত্রে কমপক্ষে পাঁচজন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয়। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা এবং ‘ঘ’ বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। গণসঙ্গীত প্রতিযোগিতার পাশাপাশি এবার ‘‘সমকালীন প্রেক্ষাপটে লিখিত গণসঙ্গীতের বাণী’’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চের মধ্যে গণসঙ্গীতের বাণী লিখিত আকারে গীতিকারের নাম, ঠিকানাসহ উদীচী কেন্দ্রীয় সংসদে পাঠাতে হবে।

পাঠানোর ঠিকানা: udichi.bangladesh@gmail.com

আগামী ২৭ মার্চ সেরা তিনজন গীতিকারের নাম ঘোষণা করা হবে এবং ২৮ মার্চ বিজয়ীদেরকে সনদ ও পুরষ্কার প্রদান করা হবে।

গণসঙ্গীতের প্রচার, প্রসার এবং একে একটি স্বতন্ত্র সঙ্গীতের ধারা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিবছর গণসঙ্গীত উৎসব আয়োজন করে উদীচী। প্রগতিশীল গণচেতনাসম্পন্ন জাগরণমূলক গান, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা এবং অধিকার সম্পন্ন সচেতনতামূলক গান, মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ গান, স্বাধীনতা সংগ্রামের গান, সমাজের অন্যায়-অত্যাচার-নিপীড়ন অবসানের দিকনির্দেশনামূলক গান, মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী গান, সাম্প্রদায়িক সম্প্রীতির গান, যুদ্ধ-বিরোধী, স্বৈরাচার বিরোধী গান, সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদ বিরোধী গান, বিশ্ব শান্তির পক্ষের গান, শোষণের বিরুদ্ধে গান, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গানকে গণসঙ্গীত হিসেবে বিবেচনা করা হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, আদিবাসীদের উপর হামলার বিষয় এবং সুন্দরবনসহ প্রাণ প্রকৃতি রক্ষা সম্পর্কিত গানগুলোকে উৎসাহিত করা হবে।

উল্লেখ্য, স্থান-কাল ভেদে গণসঙ্গীতের ভিন্নতর ব্যাখ্যা হতে পারে। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে উল্লেখিত বিষয়সমূহকে বিবেচনা করা হবে।