২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: বঙ্গবন্ধুর বায়ো‌পিকের শু‌টিং স্থ‌গিত

করোনাভাইরাসে সতর্কতা অবলম্বনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনী‌ভি‌ত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের শু‌টিং স্থ‌গিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ প্রতি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 12:29 PM

Updated : 08 Apr 2022, 12:28 AM

মু‌জিব বর্ষের প্রথম দিন ১৭ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মহরতের পরদিন ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল অব্দি ছবির শুটিংয়ের শিডিউল ছিল।

সম্প্রতি দেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিষয়টি বিবেচনায় নিয়ে ছবির শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন চল‌চ্চিত্রের কাস্টিং ডিরেক্টর বাহাউ‌দ্দিন খেলন।

তি‌নি বলেন, ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত লটের শুটিংয়ের শিডিউল ছিল। কিন্তু তা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সেপ্টেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিংয়ের শিডিউল আছে; করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বর থেকেই ছবির শুটিং শুরু হবে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগাল।

চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট আরেকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলচ্চিত্রের শুটিংয়ের আগে মূলত মহরতের আয়োজন করা হয়। সে হিসেবে ১৭ মার্চের মহরতের আয়োজনও স্থগিত করা হতে পারে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পায়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ ছবিতে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘিসহ ৫০জন অভিনয়শিল্পীর নাম ঘোষণা করা হয়েছে।

তবে চুক্তি হওয়ার আগে প্রাথমিক তালিকার কেউই চূড়ান্ত নন বলে জানান বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।

চুক্তি হওয়ার পর মহরতে অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল; তবে মহরত পিছিয়ে গেলে অভিনয়শিল্পীদেরও অপেক্ষায়ও বাড়ল।

এর আগে করোনার প্রকোপে জি-ফাইভের প্রযোজনায় শিহাব শাহীনের পরিচালনায় ওয়েব চলচ্চিত্র ‘যদি… কিন্তু… তবু…’র শুটিং স্থগিত করা হয়েছে। সবকিছু গুছিয়ে মঙ্গলবার শুটিং শুরুর আগে জি-ফাইভের নোটিসে ১৫ দিনের জন্য শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানান ছবিটির নির্মাতা।

করোনার ধাক্কায় মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটির মুক্তিও স্থগিত করা হয়েছে; ছবিটি ১৩ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল।

মুক্তিপ্রাপ্ত ছবিগুলোও দর্শক টানতে পারছে না; সিনেমাগুলোও লগ্নীকৃত অর্থ তুলতে পারবে কি না-তা নিয়েও প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।