২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা লিটু আনামের বাড়িতে চুরি

ঠাকুরগাঁও শহরে অভিনেতা লিটু আনামের বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লক্ষ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 12:59 AM

Updated : 18 Aug 2022, 02:41 PM

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, মঙ্গলবার ভোরে শহরের আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিনেতা লিটু আনাম আশ্রমপাড়া এলাকার প্রায়াত ইউনুস আলীর ছেলে এবং তার বড় ভাই শহরের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউল এনাম পারভেজ।

পরিবারের বরাতে ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলর শফিউল এনাম পারভেজের স্ত্রী খায়রুন হাফিজা বিভা সোমবার সকাল ১১টার দিকে ফ্রিজে রাখা মুরগীর মাংস বের করে গরম করেন; এরপর সেই মাংস সহ রুটি অভিনেতা লিটু আনাম সহ পরিবারের অন্য সদস্যদের খেতে দেন। মুরগীর মাংস ও রুটি খাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা শারিরীকভাবে দুর্বলতা অনুভব করতে থাকে।

গোলাম মর্তুজা বলেন, শারিরীক দুর্বলতার কারলে বিকালে বিমানে করে ঢাকায় চলে যান অভিনেতা লিটু আনাম। এছাড়াও তার বড় ভাই সাবকে কাউন্সিলর শফিউল এনাম পারভেজ আগ থেকেই ঢাকায় অবস্থান করছিলেন। রাতে লিটু আনামের মা সালেহা চৌধুরী, ভাবি খায়রুন হাফিজা বিভা ও দুই ভাতিজা মুরগীর মাংস ও রুটি খেয়ে ঘুমিয়ে পড়েন।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অভিনেতা লিটু আনামের বাড়ির দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে। এরপর তারা দুটি রুম থাকা ওয়ারড্রপ ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

লিটু আনামের ভাবি খায়রুন হাফিজা বিভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরগীর মাংস ও রুটি খাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলেও বিষয়টি তেমন গুরুত্ব দেননি তারা। রাতে ঘুমিয়ে পড়েছি এরপর আর কিছু বলতে পারিনা।

ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, লিটু আনামের মা সালেহা চৌধুরী এখনও অচেতন রয়েছে; বাসায় তার চিকিৎসা চলছে। অন্যরা সুস্থ্য আছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কিভাবে এই চুরির ঘটনা ঘটেছে আমরা বিষয়টি তদন্ত করছি। সেই সাথে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।