২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্ত’র পর সুমনের ‘ব্লাড’, অভিনয়ে মাহি-ইমন

পরীমনি ও রোশানকে নিয়ে ‘রক্ত’ চলচ্চিত্র নির্মাণের তিন বছর পর মাহিয়া মাহি ও ইমনকে নিয়ে ‘ব্লাড’ নামে আরেক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 10:24 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এসএমএস প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটির মহরতে নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এতে মাহির বিপরীতে আরেক অভিনেতা রোশানের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ইমনকেই চূড়ান্ত করা হয়। চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে হাজির হবেন মাহি।

এ অভিনেত্রী সাংবাদিকদের বলেন, “অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল। তিনি (ওয়াজেদ আলী সুমন) যখন ‘রক্ত’ সিনেমাটি বানালেন তখন আমি বলেছিলাম পরবর্তীতে আপনার অ্যাকশন চলচ্চিত্রে কাজ করতে চাই। তিনি সেই কথা রেখেছেন। এটি পুরোটাই লেডি অ্যাকশন সিনেমা। দুই বোনের গল্পই তুলে আনা হয়েছে সিনেমায়।”

সহশিল্পী হিসেবে ইমনকে ‘হেল্পফুল’ বলে অভিহিত করে মাহি বললেন, “ইমনকে খুবই মিশুক ছেলে। যখন কাজ করবো তখন কো-অ্যাক্টরের হেল্পফুল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি কাজটি অনেক ভালো হবে।”

শিগগিরই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান ছবির পরিচালক।

মহরত অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক, খলঅভিনেতা মিশা সওদাগর, চিত্রপরিচালক জাকির হোসেন রাজু।