কমিশনার পদপ্রার্থীর চরিত্রে তিশা
রাজধানীর গেন্ডারিয়া থানার কমিশনার পদপ্রার্থীর চরিত্রে ‘ঘুড়ি’ মার্কায় ভোট চাইছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা।
রাইসুল তমালের নির্মিত ‘আদা সমুদ্দুর’ নাটকে তিশার চরিত্রের নাম নওশিন জাহান হেনা; তিনি কমিশনার পদে বিজয়ী হতে শহরের মোড়ে মোড়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘হাতি’ মার্কায় নির্বাচনে অংশ নিয়েছেন মাহমুদুল ইসলাম মিঠু; নাটকে যার চরিত্রের নাম খন্দকার রফিকুল ইসলাম মুন্না।
নির্মাতা তমাল গ্লিটজকে জানান, ‘আদা সমুদ্দুর’ মূলত রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান।
দয়াল সাহার রচনায় নাটকটি প্রযোজনা করেছেন ফয়সাল আজাদ। আসছে ভালবাসা দিবসে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল ও একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি দেখা যাবে বলে জানান নির্মাতা।
