চল্লিশ বনাম বিশ: ভারিক্কির মাইলস, ভারহীন আর্টসেল
বড়দিনের আগের দিন ব্যান্ডপ্রেমীদের জন্য এমন বড় দিন আর হতেই পারে না! কারণ একই প্রাঙ্গণের একমাথায় চলছিল মাইলসের চল্লিশ বছর পূর্তি উৎসব, অপর দিকে খোলা মাঠে শ্রোতার মনে ঝড় তুলছিল দুই দশক পার করে দেওয়া ব্যান্ড আর্টসেল।
একই দিনে এ যেমন মধুর অত্যাচার- তেমনই বিশাল পাওয়াও বটে। দর্শকরা যারা দুই ব্যান্ডকেই ভালোবাসেন কিছুক্ষণ পরপর ভেন্যু বদলে একবার নিচ্ছিলেন মেলোডির স্বাদ, আরেকবার নিচ্ছিলেন রকের আনন্দ।
কেমন ছিল সেই দ্বি-আয়োজন। আরেকবার জেনে নিন গ্লিটজের মাধ্যমে।
খোলা হাওয়ায় কনসার্টের স্বাদ
কনসার্ট মানেই খোলা হাওয়ায় মাথা ঝাঁকানি। বহুদিন পর সেই আনন্দে ভক্তদের নাচালেন আর্টসেলের সদস্যরা। ব্যান্ড-এর ভেতরের দ্বন্দ্বের কারণে এরশাদ না থাকলেও সেই জায়গা পূরণ করেছেন ফয়সাল। বাকী সদস্যরা আগের মতই মঞ্চ মাতিয়েছেন। ঠাণ্ডা আবহাওয়ার পরেও কেউ সেই প্রিয় কনসার্ট ছেড়ে অন্যমুখো হননি।
শুধুই আর্টসেল
এমনকী পনেরো মিনিটের গানও মুখস্ত যাদের এখনও তারা অন্য কোনো জায়গায় যাবে- এ ভাবাই যায় না। একই প্রাঙ্গণে দুটো আয়োজন থাকলেও শুধু আর্টসেল উপভোগ করার জন্য দর্শকের আসা ছিল লক্ষণীয়। বেসরকারী চাকরিজীবী সুবাহ আফরীন অফিসের পর শুধুই কনসার্টের জন্য ছুটে এসেছেন বন্ধুদের সঙ্গে। বন্ধুদের মিলনমেলাও বলা যেতে পারে এই আয়োজনকে। কারণ অনেকেই বন্ধুদের সঙ্গে নেচে গেয়ে বিশ বছর আগের আনন্দকে ফিরে পেতে এসেছিলেন।
বয়সের এদিক সেদিক
দুটো কনসার্টে উপস্থিত দর্শকদের বয়সসীমা ছিল বেশ চোখে পড়ার মতো। আর্টসেলের দর্শকদের বয়সসীমা বিশ থেকে চল্লিশের মতো ছিল। ওদিকে মাইলসের ভক্তদের বয়সসীমা ছিল আরেকটু বেশি। যে যার প্রজন্ম অনুযায়ী কনসার্টের আয়োজন বেছে নিয়েছেন। উন্মাদনার দিক থেকে আর্টসেলের কনসার্ট ছিল এগিয়ে।
ভিন্নভাবে আর্টসেল
আর্টসেল নানা ভাবে নিজের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে। একই গান পরিবেশন করলেও তাতে অন্যরকম স্পর্শ ছিল। যেমন অনিকেত প্রান্তর শিরোনামের গানে তারা বাঁশি দিয়ে শুরু করেছে। অপর একটি গানে সংযোজন করা হয়েছে রোমেল আলীর পিয়ানোর সুর।
ভিন্নধারা ধরে রাখতে, অন্য ব্যান্ডের সদস্যরা আর্টসেলের গান গেয়েছে। রাফা, রোমেল আলী, ডিরকস্টার শুভ, আরবোভাইরাস, ব্ল্যাক, বে অব বেঙ্গল, দৃক, রিবোর্ন, শিরোনামহীন, মিনার্ভার ব্যান্ড সদস্যরা আর্টসেলের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে।সব মিলিয়ে ‘বিশালত্ব’ দিয়ে আর্টসেল ধরে রেখেছিল ভক্তদের।
যারা সিনেমা দেখেছে- তারা এবার আর্টসেল দেখেছে
কনসার্টের সেই খোলা মাঠের আবেদন এখন পাওয়া যায় না অনেকটাই। হারিয়ে যাচ্ছে খোলা মাঠে তরুণদের উন্মাদনার দিন। মাইলসের সদস্য হামিন আহমেদও তাই মনে করেন। কিন্তু সেই আবহ নিয়ে এল আর্টসেল। গিটার বাজাতে বাজাতে যখন তারা দর্শকদের দিকে এগিয়ে আসছিলেন তখন দর্শকসারির সদ্য কৈশর পার হওয়া এক তরুণী বলে ওঠেন- “আরে এত ভারতের সিনেমা ‘রক অন’য়ের দৃশ্য!” সে সময় আরেকটু মধ্যবয়সী দর্শক বলেন, “আমরা কনসার্টে এমনই দেখে অভ্যস্ত। সিনেমা তো পরে হয়েছে- এমন উন্মাদনার কনসার্টের ইতিহাস বাংলাদেশে বহু পুরানো।”
চারটি ব্যান্ডকে ভালোবাসা
কনসার্টে আর্টসেল যখন আইয়ুব বাচ্চু এবং এলআরবিকে স্মরণ করে ‘ঘুমন্ত শহরে’ শুরু করে- তখন উপস্থিত দর্শক মেতে ওঠে নতুন করে। কারও চোখে মৃদু জল থাকলেও – তা সুরে মিশে গেছে। হাজার হোক আইয়ুব বাচ্চু বলে কথা! তার সঙ্গে অশ্রু নয়- সুরটাই মানায়। ভালোবাসার জন্য- স্মরণ করার জন্য।
আর্টসেলের সদস্য লিংকনও সেভাবেই শুরু করেন। দশ বছর পূর্তিতে ব্যান্ডটিকে যারা ভালোবেসে শুভেচ্ছা জানিয়েছিল- সেই চারটি ব্যান্ডকে ভালোবাসার উত্তর দিল আর্টসেল। মাইলসের ‘নীলা‘ গানটি গাইলো রক ঘরানায়। ‘জোছনায় অজানা পথে চলা‘ গেয়ে অর্থহীনের সুমনকে ভুলতে দিলনা। আবার রূপালী আকাশ গেয়ে এক টুকরো ওয়ারফেজের মেঘ টেনে আনলো শীতের রাতে।
অসাধারণ প্রায় সাত মিনিটের পরিবেশনা কনসার্টটিকে পরিপূর্ণ করে।
মাইলসের মাইলস্টোন
ভাঙা-গড়ার শত পথ পারি দিয়ে প্রায় অপরিবর্তিত সদস্য নিয়ে চল্লিশ বছর পূরণ করে মাইলস যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যি বিরল। শাফিন আহমেদ নিজেও সেটাই বললেন। আবার ওদিকে বছরজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কনসার্ট করে যে বিশাল আয়োজন করেছে মাইলস নিজের চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে তা আসলেই মাইলস্টোন। এবং শাফিন আহমেদ জানান, বাংলাদেশের এই ২৪ ডিসেম্বরের কনসার্টই মাইলসের চল্লিশ বছর পূর্তি ফিনালে কনসার্ট। মাইলসের চার দশকের এই উদযাপন শুরু হয় গত ২১ জুন। যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ২৭টি কনসার্ট করে তারা। দলটি দেশে ফেরে ৬ নভেম্বর।এই ফিনালে কনসার্টে মাইলসের সঙ্গে পারফর্ম করেছে আরও পাঁচটি ব্যান্ড। যা ছিল চমক। ওয়ারফেইজ, দলছুট, ফিডব্যাক, ভাইকিংস ছিল সেই তালিকায়।
পরিপূর্ণতার রাত
গান যেটাই হোক- চোখের সামনে শিল্পীর পরিবেশনা দর্শকদের কাছে টানে- এটি সর্বজন স্বীকৃত। আর তা ব্যান্ড হলে তো কথাই নেই। কারণ এক একটি ব্যান্ড এক এক ধরনের লাইফস্টাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ২৪ তারিখের রাতেও সেটাই দেখা গেছে। যে যার পছন্দ অনুযায়ী ভেনু বাছাই করে গান শুনেছে। নেচেছে – গেয়েছে। প্রতিটা গান মনে রেখেছে। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত ইতিহাসে এটাকে অবশ্যই উদহরণ হিসেবে উল্লেখ করার মতন। তার মানে আজও ব্যান্ড সঙ্গীত অসংখ্য প্রাণকে একসেঙ্গে দোলাতে পারে। সে যে বিশ্বাসেরই হোক। এজন্য মাইলসের কনসার্টে দেখা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও। সাধারণের কাতারে দাঁড়িয়ে গলা মেলাতে।
কোনো প্রতিষ্ঠানের নির্বাহী হোক- বা অভিনয় শিল্পী – কে ছিল না একই কাতারে! এই প্রাপ্তির কোনো মূল্য হতেই পারে না। গান দিয়ে প্রাণে ফেরার দিন ছিল আর্টসেল এবং মাইলসের কনসার্টের দিনটি।
এবং টিকেট কেটে কনসার্ট
বিনামূল্যে যেখানে আয়োজন দেখতে অভ্যস্ত হচ্ছে শ্রোতা সেখানে টিকেট কেটে কনসার্ট দেখার হৈচৈ ছিল ইতিবাচক সূচনা।
স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন, “সারাবিশ্বে একমাত্র বাংলাদেশেই ফ্রি মিউজিক আশা করে সবাই। কিন্তু এখন ইতিবাচক দিক হল- ব্যান্ড সঙ্গীতের জন্য ভক্তরা আজও টিকেট কেটে আনন্দ করেত চায়।”
এবং তার প্রমাণ পাওয়া গেছে তখন যখন দর্শক এক জায়গায় টিকেট না পেয়ে অন্য জায়গায় ছুটেছেন টিকেট কেনার জন্য।
সফলতার সঙ্গে আর্টসেলের ‘আর্টসেলিজম’ কনসার্টের আয়োজন করে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল এবং মাইলসের আয়োজনটি করে উইন্ডমিল।
ওপেন এয়ার কনসার্টের মানদণ্ডে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল তাদের সেরা কাজটি করতে সক্ষম হয়েছে। কনসার্ট শেষ হওয়ার পর ব্যান্ডপ্রেমীদের মন্তব্যে সেটি বারবার উঠে আসে।
