উত্তরায়ণের আয়োজনে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’
কবিগুরুর অমিয় বাণী আর সুরে বাঙালি উদ্দীপনা খুঁজে পাচ্ছে যুগের পর যুগ ধরে। সেই বাণী আর সুরকে, কবিগুরু রবীন্দ্রনাথের শিল্পানুরাগীদের সামনে গত নয় বছর ধরে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করে চলেছে সঙ্গীত সংগঠন ‘উত্তরায়ণ’।
রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের এই সংগঠনটির প্রতিষ্ঠার নবম বার্ষিকী উদযাপন হচ্ছে ২ নভেম্বর, শনিবার। এদিন শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য।
এদিন সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য ভিন্ন ধারার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। বিষয়টি নিশ্চিত করেন উত্তরায়ণ-এর পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।
‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যবৃন্দ।
পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
- বিজ্ঞপ্তি
