নাচালেন- কাঁদালেন ফুয়াদ ও তার বন্ধুরা
কিছু কিছু সন্ধ্যা নিয়ে আসে এমন পুরানো দিন, যা ফিরিয়ে দেয় কৈশর, তারুণ্য আর উচ্ছলতার সময়গুলো। ২৬ অক্টোবরের সন্ধ্যাটি ছিল তেমনই এক সন্ধ্যা। ফুয়াদ দেশে ফিরে কনসার্ট করলেন ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডজ’য়ের ব্যানারে। এবং ঠিক দশ বছর পর এমন কনসার্টে মাতালেন সবাইকে। ফিরিয়ে আনলেন নাগরিক জীবনে একটুখানি স্বস্তির মূর্ছণা।
দিন পনেরো আগে প্রবাস থেকে দেশে ফেরেন ফুয়াদ এই কনসার্টকে সামনে রেখে। দীর্ঘদিনের অসুস্থতাকে মাৎ করে মঞ্চ মাতাতে যখন ফুয়াদ দর্শকের মাঝ দিয়ে হেঁটে আসেন তখনই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। এই কনসার্ট শুধু যে গানের জন্য ভালোবাসার ছিল তাই নয়। ছিল মিলন মেলাও বটে। আসুন গ্লিটজের সঙ্গে ঘুরে আসা যাক কনসার্টের ভেন্যু থেকে।
ঠিক সাড়ে পাঁচটা থেকেই ভেন্যু সরগরম। এমন কী আয়োজকরাও ঠিক বুঝে উঠতে পারেননি যে বৃষ্টিভেজা বিকেলে সবাই সময়মতো হাজির হবেন। তার থেকেও অবাক করা ব্যাপার ছিল, একজনকে দেখে অন্য জনের জড়িয়ে ধরা। অনেকেই একা এসে দেখেছে পরিচিতদের বিশাল দল। অনেকে আবার একদলের সঙ্গে এসে মিলে গেছেন অন্য দলের সঙ্গে। কেউ কেউ আবার ব্যস্ত জীবনে যাদের সঙ্গে দেখা করার সুযোগ পান না, এখানে ঠিকই সুযোগটা নিলেন। অবাক করা বিষয় হলো এই কনসার্টের দর্শকদের অধিকাংশদের বয়স তিরিশ থেকে পয়তাল্লিশের মাঝে। ধরে নেওয়া স্বাভাবিক, নব্বইয়ের ব্যান্ডপ্রেমীরাই পরবর্তীকালে ফুয়াদের গান শুনেছেন। তার প্রমাণও পাওয়া গেল। এমন কোনও গান পাওয়া গেল না যেটাতে হলভর্তি মানুষ গেয়ে উঠেনি। কাচাপাকা চুলের মানুষগুলো যেন এভাবে দুরন্ত তারুন্য খুঁজে পায় হঠাৎ করেই।
এই কনসার্টের অন্যতম সেরা উপহার শুভ। ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের ফ্রন্টম্যানও তিনি বটে। শুভর প্রতিটা গান, গায়কীর পরিপক্কতা এবং ম্যাচুরিটি মুগ্ধ করেছে দর্শকদের। প্রথম গান ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ থেকে শুরু করে শেষ গান ’নিটোল পায়ে’ পর্যন্ত তিনি ছিলেন সাবলীল। নেচেছেন, গেয়েছেন, অন্য শিল্পীদের সঙ্গে হুটহাট মঞ্চে এসে গলা মিলিয়েছেন। শুভর যাত্রা একটি টেলকোর ট্যালেন্ট হান্ট দিয়ে শুরু হলেও তিনি যে এই দীর্ঘ সুরের যাত্রায় নিজের পায়ের নীচের মাটি শক্ত করেছেন- তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশেষ আয়োজনে নির্মিত নাটকের গান ‘মানি না আমি মানবো না’ এবং ‘আমি আকাশ পাঠাবো’ এই দুটি গান যখন শুরু হয়, তখনই পুরো হল যেন নেচে গেয়ে উঠে। নাটকের গানের পরম্পরা এদেশে অতি পুরানো। শম্পা রেজার কণ্ঠে ‘সাজানো হল না কিছু‘, বা সেলিম মাহবুবেব গাওয়া ‘কাশ ফুলের মালা‘ থেকে শুরু করে হুমায়ুন আহমেদের নাটকের গান জনপ্রিয়তা পেয়েছে যুগ যুগ ধরে। এখনও যে দর্শক ভালো নাটক বা ভালো গান দেখেন, তার প্রমাণ এই গানগুলি। গানগুলো মঞ্চে গেয়েছেন শুভ, তাশফী এবং রাফা।
চমক যখন দলছুট
দলছুটের নাম স্টেজের পিছনের স্ক্রিণে ভেসে উঠতেই একটা নড়ে চড়ে দাড়ালো সবাই! তবে কী লিংকনের মতন দলছুটও গাইবে? বিষয়টি গান না হলেও ছিল অনুপ্রেরণার। বাপ্পা মজুমদার মঞ্চে উঠে ফুয়াদের চেষ্টা, ফিরে আসা এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে মানানোর ভূয়সী প্রশংসা করলেন তিনি। আর বললেন, “ফুয়াদের কাছ থেকে আরও নতুন গান চাই আমরা। এতোটুকুই পাওয়া শেষ পাওয়া নয়।”
ফুয়াদের বড় ভাই, যিনি কি না প্রায় ফুয়াদের মতই দেখতে, তিনি রাহাত মুক্তাদির। মঞ্চে পরিবেশন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ’বিদ্রোহী’ কবিতাটি। কথা বলার সময় বাংলাটা প্রবাসীদের মত হলেও তার বিশাল আবৃত্তি, স্পষ্ট উচ্চারণ এবং পারফরমেন্স মুগ্ধ করেছে সবাইকে। সঙ্গে নেচেছেন সম্প্রীতি রিদওয়ান। বড় ভাইয়ের কোনও রকমের কুণ্ঠা ছাড়া এই আবৃত্তি প্রমাণ করে, বাংলা মানেই রক্ত গরম করা নিজের মুখের ভাষা।
আর্টসেল নয় লিংকন উঠেছিলের মঞ্চে। এবং যথারীতি মাত করেছেন। ’এই বৃষ্টিভেজা রাতে’ দিয়ে সবাইকে দুলিয়েছেন। আবার “ও চাঁদমামা” গেয়ে সবাইকে হ্যাডব্যাং করতে বাধ্য করেছেন। আইয়ুব বাচ্চুর স্মরণে যখন তিনি এই গানটা করেন, তখন মিশ্র অনুভূতি দেখা যায় হলজুড়ে। কেউ নেচেছেন আবার কেউ চুপচাপ গানটি শুনেছেন।
বাংলাদেশের ব্যান্ড তারকা, লিজেন্ডারি গিটারিস্ট আইয়ুব বাচ্চুকে ভুলে যাওয়া এতো সহজ নয়। গানপ্রেমীরা আদৌ ভুলতে পারবেন না। আর তার প্রমাণ ফুয়াদের কনসার্ট। এবার শুভ কাঁদালেন সবাইকে আইয়ুব বাচ্চুকে নিয়ে গান করে। রেকোর্ডেড এই গানটি যখন হচ্ছিল, মঞ্চটি ফাঁকা ছিল, কেউ ছিল না। শুধু ছিল একজন শিল্পীর জন্য হাহাকার ও ভালোবাসা। আইয়ুব বাচ্চুর স্মরণে এই গানটিরও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ। কনসার্টের শুরু থেকে নাচিয়ে মাতিয়ে এদফা কাঁদালেন তিনি দর্শকদের। বোঝালেন- এটাই সঙ্গীতের শক্তি। সব আবেগের প্রকাশ এখানেই।
নারী রকস্টারদের জয়জয়কার
ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডজ কনসার্টে নারী রকস্টাররা মঞ্চ মাতিয়েছেন বরাবরের মতই। জেফার, তাশফী, ফাইরুজ, আনিকার সঙ্গে অভিজ্ঞতা দিয়ে নিজেদের তুলে ধরেছেন কণা, এলিটা এবং আলীফ আলাউদ্দিন।
ফুয়াদের কনসার্টে দর্শক বন্য পাবে না – তা হতেই পারেনা। আবারও শুভ হাজির এবার বন্য নিয়ে। এই গানের মাঝেই চমৎকারভাবে ফুয়াদ সংযুক্ত করেন তার প্রথম দিককার একটি সিলেটি গানের দুটি লাইন। সেটি শেষ হতে না হতেই বজ্রপাতের মতন মঞ্চ কাপিয়ে র্যাপ শুরু করেন সাফায়েত । শো স্টপার বলে যদি কনসার্টে কিছু থাকে- তাহলে কালকের আয়োজনে এই পারফরমেন্সই ছিল শো স্টপার।
সবিশেষ
এতো মানুষ, এতো শিল্পী, এতো স্মৃতির জন্য কোনও শব্দই শেষ নয়- এমনই মন্তব্য করছিলেন কেউ কেউ। ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডজ’য়ের আয়োজনে বিমুগ্ধ দর্শক যখন হল ছাড়ছে তখনও গুনগুন করে গাচ্ছিলেন এক একটা গান।
শিল্পীরা এবং আয়োজক যে সার্থক, তার প্রমাণ এটাই।
ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডজ’য়ের আয়োজনে ছিল স্কাই ট্র্যাকার।
