এলো আরেক নাট্যদল ‘এমটি স্পেস’
‘এমটি স্পেস’ নামে নতুন আরেকটি নাট্যদল যাত্রা শুরু করছে ঢাকার মঞ্চে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশের থিয়েটারের চার পথিকৃত আতাউর রহমান, মামুনুর রশিদ, ম. হামিদ এবং নাসিরুদ্দিন ইউসুফ উপস্থিত থেকে এদিন দলটির উদ্বোধন করবেন।
উদ্বোধনী আয়োজনে এ নাট্যদলের উপদেষ্টা মঞ্চসারথি আতাউর রহমান ও নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ারসহ অন্যান্য আরও অনেকে উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ মঞ্চস্থ করবে এমটি স্পেস।
একঝাঁক তরুণ মঞ্চশিল্পীদের নিয়ে সাইমন জাকারিয়া রচিত নাটকটি নির্দেশনা দিচ্ছেন নূর জামান রাজা।
নাটকের মঞ্চসজ্জা, আলোক ও পোশাক পরিকল্পনাসহ আবহ সঙ্গীত পরিকল্পনাও করেছেন রাজা।
উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য ট্রাজেডি অব রোমিও এন্ড জুলিয়েট’ এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে লেখা হয়েছে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন কবি। যিনি পূর্ণিমা রাতে কবর স্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই স্থানে এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা আর এই ঘটনাচক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার ও শেক্সপিয়র।
নাটকটিতে অভিনয় করছেন গোলাম শাহারিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নুর জামান রাজা, লোবা আহম্মেদ, ফকির বিপ্লব, সরদার বাপ্পি, শুভ্র আহম্মেদ।
উদ্বোধনী মঞ্চায়নের পর সোমবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।
