২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ২৩তম মৃত্যুবার্ষিকী। এই দিনে প্রিয় নায়কের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করলো সালমান শাহ স্মৃতি সংসদ ও টিম সালমান শাহ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2019, 08:45 PM

Updated : 10 Oct 2022, 09:22 PM

“আজ আমাদের প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী। মৃত্যুর অনেকদিন পেরিয়ে গেলেও এখনও তার মৃত্যুরহস্য উন্মোচিত হয়নি। আমরা বিশ্বাস করি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।  এ হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। এ সংক্রান্ত একটি মামলা এখন পিবিআই-এর আওতাধীন। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছি।”-বলছিলেন সালমান শাহ স্মৃতি সংসদ ও টিম সালমান শাহ’র প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকীব।

শুক্রবার রাজধানীর শাহবাগে প্রয়াত নায়ক সালমান শাহ’র হত্যাকাণ্ডের যথাযাথ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন নায়কের ভক্তরা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজ বাসা থেকে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও আসামিপক্ষের ভাষ্যমতে লাশ পাওয়া গিয়েছিল ‘ঝুলন্ত অবস্থায়’ এবং এটি আত্মহত্যা।

অন্যদিকে সালমানের মা নীলা চৌধুরীসহ প্রয়াত এই নায়কের স্বজনরা মামলার শুরু থেকেই দাবি করে আসছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং লাশ ছিল বিছানায়। সালমানের পরিবারের নারাজি আবেদনে প্রায় ২০ বছর আগের ওই মৃত্যুর কারণ হত্যা না আত্মহত্যা- তা নির্ধারণে গত জানুয়ারি মাসে মামলাটি আবারও আদালতে ওঠে।

পরবর্তীতে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা পুলিশ ব‌্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) দিয়ে পুনরায় আলোচিত এ মামলাটির তদন্ত করতে নির্দেশ দেন।