২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে বদলে ফেলা চরিত্রে ঐশী

গ্রাম্য নারীর বেশে ক্যামেরার সামনে দাঁড়ালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 09:36 AM

Updated : 10 Oct 2022, 09:21 PM

ময়মনসিংহে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘আদম’ চলচ্চিত্রের শুটিং সেট থেকে একাধিক স্থিরচিত্র ফেইসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। একটি ছবিতে কাঠিতে জড়ানো ঘুঁটে বানাচ্ছেন; আরেক ছবিতে এক শিশুকে কোলে নিতে দেখা গেছে।

চরিত্রের প্রয়োজনে প্রথমবারের মতো ঘুঁটে বানানোর অভিজ্ঞতা হয়েছে বলে জানালেন ঐশী। তিনি বললেন, “এই চরিত্রের জন্য আমার চেহারা ও ত্বক রোদে পোড়া রঙের মতো করা হয়েছে। এর আগে কখনও গোবরের ঘুঁটে বানিইনি। শুটিং করতে গিয়েই সেই অভিজ্ঞাও হলো।”

ছবিতে তার চরিত্রের নাম সাজিয়া। তার কোলের বাচ্চাটি সাজিয়ার কি না সেই প্রশ্নের উত্তরে রহস্য রাখলেন তিনি। বললেন, সেটা জানান জন্য অপেক্ষায় থাকতে হবে।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন আবু তাওহীদ; চিত্রনাট্য লিখেছেন মাসুদ পারভেজ। চলতি সপ্তাহ থেকে ময়মনসিংহে শুরু হওয়া শুটিংয়ে তিনি ছাড়াও যোগ দিয়েছেন শহীদুজ্জামান সেলিম, ‘স্বপ্নজাল’ খ্যাত ইয়াশ রোহানসহ আরও অনেকে।

২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা ঐশী প্রথমবারের মতো নাম লেখান ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত চলচ্চিত্রে ঐশী ছাড়াও অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, সাদিয়া নাবিলাসহ আরও অনেকে। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।