মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’
অবশেষে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মেজবাউর রহমান সুমন।
গেল দু’বছর ধরেই মিডিয়া পাড়ার গুঞ্জন- চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মেজবাউর রহমান সুমন। ২০০৬ সালে তার নির্মিত প্রথম নাটক ‘দক্ষিণের জানালাটা খোলা, আলো আসে-আলো ফিরে যায়’ অর্জন করেছিল মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার।
সর্বমহল নন্দিত এই নাটকটি ছাড়াও তাঁর নির্মিত ‘তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে’, ‘পারুলের দিন’,”জ্যোৎস্না নদী ও রফিকের কিছু কল্পদৃশ” ‘সুপারম্যান’, ‘কফি হাউজ’ এখনও দর্শকের মনে গেঁথে আছে। এরপর প্রায় দীর্ঘ নয় বছর তাকে কোনও নাটক নির্মাণে দেখা যায়নি।
তবে সরব ছিলেন বিজ্ঞাপন নির্মাণে। এর ফাঁকেই চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি গ্রহণ শেষে পূর্ণদৈর্ঘ্য ‘হাওয়া’ নির্মাণের ঘোষণা দিলেন এ নির্মাতা।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, “হাওয়া’ হচ্ছে এ কালের রূপকথার গল্প। যে রূপকথার প্রধান উপাদান সমুদ্র, ঢেউ আর একটি ট্রলার। আবহমান কাল ধরে চলে আসা যে রূপকথা আমরা শুনে এসেছি সেই রূপকথা ’হাওয়া’ নয়, তবে এই চলচ্চিত্রে রূপকথা স্বয়ং নিজে এসে আধুনিক রূপে হাজির হয়। এই সময়ের যে অস্থিরতা, তা থেকে বেরিয়ে এসে এক ধরনের ধ্যানমগ্ন নির্মল যাত্রার নাম ‘হাওয়া’।”
তিনি আরও বলেন, “এটি মাটির গল্প নয় বরং পানির গল্প, সমুদ্রের গল্প। সমুদ্র এমন এক বিশালতার নাম যার পাড়ে বসে আমরা সাধারণ মানুষ এর সৌন্দর্য দেখি, রোমান্টিসিজমে ভুগি। কিন্তু গভীর সমুদ্রের গল্প জানতে পারিনা। এর পাড়ের মানুষগুলোর গল্প জানলেও জানিনা সমুদ্রে চলাচলরত মানুষগুলোর ভেতরের গল্প। সেখান থেকে ফেরার গল্প হয়তো জানি, কিন্তু, না ফেরার গল্প আমরা ক’টা জানি? এই না জানা মৌলিক গল্পটিই আমি আমার এই সিনেমার মাধ্যমে জানাতে চাই।”
সুমন জানান, দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রটির প্রস্তুতিপর্ব চলছে। চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজের নাম গণমাধ্যমে এলেও বিষয়টি এখনই খোলাশা করলেন না তিনি।
বললেন, “অভিনয়শিল্পী নির্বাচন এর কাজ চলছে। এখনই কিছু চূড়ান্ত নয়। কারও সঙ্গেই আমাদের আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে, কিছুদিনের মধ্যেই তা চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দেওয়া হবে।”
কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এলাকায় শুটিং শেষে আগামী বছরই চলচ্চিত্রটি মুক্তির লক্ষ্যে চিত্রায়ণ শুরু করছেন মেজবাউর রহমান সুমন, চিত্রগ্রহণে থাকবেন কামরুল হাসান খসরু ।
