আলতাফ মাহমুদ পদক পেলেন তিন গুণী
চলতি বছরের ‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক’ পেলেন সাংস্কৃতিক আন্দোলনের কর্মী কামাল লোহানী, স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামী আল সাফী।
সুর-স্রষ্টা আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই তিন গুণীর হাতে পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কামাল লোহানী। স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং জামী আল সাফীর নকশায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ তৈরি হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে বলেন, “দেশকে যারা ভালোবাসেন, তারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, মৃত্যুকে মাথা পেতে নিতে তারা কার্পণ্য করেন না।”
একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’।
তার পরিবারের সদস্য ও ক্র্যাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত এ ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত ২১ জনকে এ সম্মাননা জানানো হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একাত্তরের ক্র্যাক প্লাটুনের সদস্য নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের নিয়ে শংসাবচন পাঠ করেন সঙ্গীতা ইমাম, শাওন মাহমুদ ও মারুফ রসূল। আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মাননা নেওয়ার পর কামাল লোহানী বলেন, আলতাফ মাহমুদ সুরের মাধ্যমে প্রতিবাদী হতে শিখেয়ে গেছেন।
“তার কথা মনে হলে যেমন বেদনাহত হতে হয়, সেই বেদনা থেকেই আমরা অনুপ্রেরণা পাই। তিনি আমাদের শিখিয়েছেন শিল্পের প্রতি অনুগত না থাকলে মানুষের জন্য কিছু করা যায় না।”
বিগত বছরগুলোতে চিত্রগ্রাহক বেবি ইসলাম, ড. এনামুল হক, সাবিনা ইয়াসমিন, অজিত রায়, খোন্দকার নুরুল আলম, সুধীন দাস, বিপুল ভট্টাচার্য, আলম খান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, নায়করাজ রাজ্জাক, মুস্তাফা মনোয়ার, মো. শাহনেওয়াজ, কাইয়ুম চৌধুরী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, হাসান আজিজুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, আলী যাকের, মফিদুল হক, সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার আলতাফ মাহমুদ পদক পেয়েছেন।
