২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিন পর চলচ্চিত্রে আগুন

গানের জগতের মানুষ হলেও ছোট ও বড়পর্দায় অভিনয়েও জনপ্রিয়তা পেয়েছেন আগুন। দীর্ঘদিনপর ফের বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন এ শিল্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 06:19 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

অরুণ চৌধুরীর পরিচালনায় ‘মায়াবতী’ চলচ্চিত্রে অভিনয় করলেন আগুন। এ ছবিতে সংগীত জগতের একজন হিসেবেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে আনিসুল হকের উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন আগুন।

পাঁচ বছর পর চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “আমার অভিনীত চলচ্চিত্রগুলোর তালিকা দেখলেই বুঝবেন বিশেষ কিছু না হলে আমি বড় পর্দায় কখনো অভিনয় করিনি। অরুণদার এ কাজটি ভালো হবে এই বিশ্বাস থেকেই করেছি। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না।”

পরিচালক বলেন, “আমার ছবিতে গল্পের প্রয়োজনে যখন যাকে দরকার তাকেই নিয়েছি। কাহিনীর এক পর্যায়ে তিশার মায়া বেগমের চরিত্রটিকে সংগীতের মানুষ আগুন আবিষ্কার করেন। তার গুণের পরখ করতে চান। কিন্তু চাইলেই কি সব হয়? জীবন তো আর সরল রেখার মত বহমান নয়। কাহিনীতে শেষ পর্যন্ত জন্ম নেয় নতুন টুইস্ট।”

অরুণ চৌধুরীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এ চলচ্চিত্রের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন তিশা ও ইয়াশ রোহান। আসছে ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। এ ছবির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।