‘মাসুদ রানার’ সুলতা হচ্ছেন বলিউডের শ্রদ্ধা কাপুর
ঢাকাই সিনেমার নতুন ‘মাসুদ রানা’ কে হচ্ছেন তা এখনও জানা না গেলেও তার নায়িকা হিসেবে বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
জাজ মাল্টিমিডিয়ার সিইও অলিমুল্লাহ খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক মাস আগেই তার সঙ্গে চুক্তি হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন তিনি। শুটিং চলবে বাংলাদেশ, থাইল্যান্ড আর যুক্তরাষ্ট্রে।”
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানার’ প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিতব্য এ সিনেমায় শ্রদ্ধাকে দেখা যাবে সুলতা রায়ের ভূমিকায়।
তবে কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। রিয়েলিটি শোর আয়োজন করে খোঁজ চলছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুধর্ষ স্পাই মাসুদ রানার।
জাজ মাল্টিমিডিয়া এবার মাসুদ রানা সিরিজের তিনটি উপন্যাসের চলচ্চিত্রায়নের স্বত্ত্ব কিনে প্রথমে ১৯৬৬ সালে প্রকাশিত ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভারলাইনসহ আরও তিনটি প্রতিষ্ঠানের প্রযোজনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিংয়ের উপর উচ্চতর পড়াশোনা শেষ করে ইতোমধ্যে হলিউডে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
ইতোমধ্যে এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রোর্ক, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ আরও বেশ কয়েকটি হলিউডের চলচ্চিত্রের অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন।
এর আগে ‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। তাতে নায়িকা ছিলেন কবরী ও অলিভিয়া। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটি বেশ ব্যবসা করেছিল।
