২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টারে ‘রিকশা গার্ল’, মুক্তি মার্চে

রিকশা পেইন্টিংয়ের আদলে প্রকাশ্যে এলো নির্মাতা অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের প্রথম পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2019, 04:25 PM

Updated : 10 Oct 2022, 09:19 PM

নির্মাতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার প্রকাশিক পোস্টারটিই চলচ্চিত্রের অফিশিয়াল পোস্টার হিসেবে ব্যবহৃত হবে। শুটিং শেষে সম্পাদনা টেবিলে থাকা ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি দেওয়া হবে।

রিকশা পেইন্টিংয়ের আদলে ডিজাইন করা পোস্টারে তুলে ধরা হয়েছে ‘রিকশা গার্ল’ চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমানের মুখ।

Image
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

এতে নভেরার চরিত্রের নাম ‘নাঈমা’। পরিবারকে সাহায্য করার জন্য পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসেন। রিকশার প্যাডলে তার জীবনের ঘানি টানার গল্পই উঠে এসেছে চলচ্চিত্রে।

নভেরা ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে।

চার মাস ধরে পাবনা, গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। চলচ্চিত্র প্রযোজনায় রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক এরিক জে অ্যাডামস।

এর আগে প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন অমিতাভ রেজা।