২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল নায়িকার গলায় ঢাকার নায়িকার মুখ!

কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ঢাকার একটি চলচ্চিত্রের পোস্টারে তামিল চলচ্চিত্রের পোস্টার হুবহু নকলের অভিযোগ উঠেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 05:59 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

চলতি বছরের ২৪ মে মুক্তিপ্রাপ্ত ‘নিয়া টু’ নামে তামিল চলচ্চিত্রটির অন্যতম নায়িকা ভারালক্ষী শরথকুমারের হাত-পা, সাজসজ্জা অবিকৃত রেখে গলা কেটে ঢাকার নবাগত নায়িকা অর্পার মুখমণ্ডল বসিয়ে ‘ভালোবাসার জ্বালা’ নামে একটি চলচ্চিত্রের পোস্টার প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; পোস্টারটি নিয়ে বিদ্রুপ চলছে বাংলা চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে।

শুধু ফেইসবুকে প্রচারণার জন্যই পোস্টারটি তৈরি করা হয়েছে বলে গ্লিটজকে জানালেন ছবিটির পরিচালক বশির আহমেদ।

তিনি বলেন, “সেই পোস্টারটি রাফ ডিজাইন। এটি রাস্তায় টাঙানোর জন্য নয়, এটা শুধু ফেইসবুকের জন্য। ফাইনাল পোস্টারটি এখনও প্রকাশ করা হয়নি।”

তিনি নিজেও হুবহু নকল পোস্টারটি নিয়ে ফেইসবুকে প্রচারণা করছেন; ফেইসবুকে প্রচারণার জন্য নকল পোস্টার গ্রহণযোগ্য কি না? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

শিগগির ৪টি ‘আসল’ পোস্টার নিয়েই দর্শকদের সামনে হাজির হবেন বলে জানালেন বশির। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর ছাড়পত্র পাওয়া ছবিটি এবার ঈদে ঢাকার বাইরে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শবনম পারভীন, আফজাল শরীফ, সরল হাসমত, শাহাদত, সুশান্ত, পরিমল, সুজন মিয়া ও নবাগত শাকিল খান ও অর্পা।

ছবিটি নির্মাণ করা হয়েছে নাগ-নাগিনীর গল্পে; তামিল চলচ্চিত্রটিও নাগ-নাগিনীর গল্পে নির্মাণ করা হয়েছিল।

সুরেশের পরিচালনায় ‘নিয়া টু’ চলচ্চিত্রে সর্পমানবীর চরিত্রে অভিনয় করেন ভারালক্ষী শরথকুমার। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাই লক্ষী, ক্যাটরিন ত্রিশাসহ আরও অনেকে।