২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলো নতুন ওয়েব সিরিজ ‘জাল ভেজাল’

সমাজের নানাবিধ কুসংস্কার দূর করতে ইউএসএআইডি'র সহযোগিতায় নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘জাল ভেজাল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2019, 04:10 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

শুক্রবার বিকালে রাজধানীর বেইলি রোডস্থ ক্যাফে থার্টি থ্রিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ওয়েব সিরিজটি।

এতে উপস্থিত ছিলেন জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ, সঙ্গীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু, 'জাল ভেজাল' ওয়েব সিরিজের নির্মাতা সাজু আহসান ও এর নাট্যকার মেজবাহ উদ্দিন সুমনসহ ইউএসএআইডির বাংলাদেশি কর্মকর্তারা।

অনুষ্ঠানে নাজমুল হক ভুঁইয়া খালেদ বলেন, “এই ওয়েব সিরিজের মাধ্যমে আমরা সমাজে একটি সচেতনতামূলক বার্তা দিতে চাচ্ছি। ইউএসএআইডি'কেও ধন্যবাদ, জি সিরিজের সঙ্গে এমন একটি কাজ করার জন্য।”

'জাল ভেজাল'-এর নির্মাতা সাজু আহসান বলেন, “আমাদের গ্রাম অঞ্চলের একটি কুসংস্কার নিয়ে এই ওয়েব সিরিজ। যেখানে মা ও মাতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে এখনও অদক্ষ দাই ও ওঝা দ্বারা নানা জটিল সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। যেগুলো আমাদের জন্যই ক্ষতিকর। সেই সব কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের এই প্রয়াস। আশা করি এই ওয়েব সিরিজটি সমাজে কিছু মানুষকে হলেও সচেতন করবে।”

নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন বলেন, “গ্রামীন সমাজের একটি কুসংস্কার দূর করার জন্য এই ওয়েব সিরিজ লেখা। ইউএসএআইডি'কে ধন্যবাদ, তারা এমন একটি কাজে আমাদেরকে সঙ্গে রেখেছে। আমাদের কাজটি যদি একটি মানুষকেও সচেতন করে, সেখানেই আমাদের সার্থকতা।”

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।