২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর পর মঞ্চে ‘নিমজ্জন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির (ইডাস) তহবিল সংগ্রহে দেড় বছর পর মঞ্চস্থ হলো ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক ‘নিমজ্জন’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 11:22 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

বুধবার সন্ধায় রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির ৬৮তম প্রদর্শনী হয়। সেলিম আল দীনের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ।

প্রায় দেড় বছর পর নাটকটির মঞ্চায়ন প্রসঙ্গে নির্দেশক বলেন, “বাংলাদেশে হত্যা ও ধর্ষণের মহা উৎসব চলছে। এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত। আমাদের সময়ের ঘটনাগুলো তুলে শিল্পসম্মভাবে তুলে আনা উচিত। সেই ভাবনা থেকেই নাটকটির মঞ্চায়ন করছি।”

প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ইডাসের তহবিলে জমা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির (ইডাস) সভাপতি রাশেদা কে চৌধুরী।

তিনি বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিম্মবিত্ত পরিবারের সন্তানরাও পড়াশোনা করছে। অনেক সময় পড়াশোনার ব্যয় বহন করতে পারেন না; অনেক সময় বাইরে বৃত্তির জন্য আবেদন করতে পারেন না। তাদের সহায়তার জন্যই আমরা এই তহবিল গঠন করেছি।”

২০০৭ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। নাটকের গল্পে দেখা যায়, বিশ্ব পরিভ্রমণ শেষে ত্রিনদীর মোহনায় গড়ে ওঠা এক শহরে আগন্তুক নামের চরিত্রটি তার অসুস্থ বন্ধুর কাছে উপস্থিত হয়। বন্ধুটি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। রাজনৈতিক মতবাদের জন্য সেই শহরের ব্যাপক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে। আগন্তুকের বর্ণনায় উঠে আসে বিশ্বব্যাপী গণহত্যার নানা চিত্র।

প্রদর্শনীর শুরুতে বক্তব্য রাখেন ইডাসের সাধারণ সম্পাদক হেদায়েতউল্লাহ আল মামুন।এরপর ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানার মৃত্যুতে এক মিনিটের নিরবতা পালন করে নাটকের মঞ্চায়ন শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আবু সায়ীদ, সাংসদ অ্যারোমা দত্ত, অধ্যাপক নেভিন ফরিদা, কবি নুরুল হুদাসহ আরও অনেকে।