২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্টের অপেক্ষায় শাফিন আহমেদ

ব্যান্ডের ৪০ বছর পূর্তির অংশ হিসেবে মাসখানেক ধরে মাইলসের সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে অংশ নিলেও ভিসা জটিলতায় যোগ দিতে পারেননি দলের অন্যতম সদস্য শাফিন আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 04:08 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাফিন জানান, যুক্তরাষ্ট্রের দূতাবাসে ব্যান্ড সদস্যদের পাসপোর্ট জমা দেওয়ার পর তিনি সেটি আর ফিরে পাননি।

“এখন শুধু পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি। সেটি পেলেই দলে যোগ দেব।”

ব্যান্ডের অন্য সদস্যরাও জানিয়েছেন, ভিসা জটিলতার কারণেই যুক্তরাষ্ট্রে যেতে পারেননি শাফিন।

শাফিনকে ছাড়াই ইতোমধ্যে ১০টি শোতে অংশ নিয়েছেন মাইলস। এর মধ্যে ২২ জুন নিউজার্সি, ২৮ জুন ভার্জিনিয়া, ২৯ জুন মেরিল্যান্ড, ৫ জুলাই বাল্টিমোর, ৬ জুলাই মিশিগান, ৭ জুলাই লস অ্যাঞ্জেলেস, ১৪ জুলাই নিউইয়র্ক, ১৬ জুলাই আটলান্টিক সিটি, ২০ জুলাই ফিনিক্স, ২১ জুলাই সান জোস, ২৭ জুলাই ফ্লোরিডার টাম্পায় আয়োজিত কনসার্টে অংশ নেয় দলটি।

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলা সঙ্গীতের অন্যতম ব্যান্ডটির ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রায় সাত মাস ধরে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তিন দেশের ট্যুর শেষে ঢাকার বাইরে চারটি ও ঢাকায় একটি গালা কনসার্টের আয়োজনের কথা রয়েছে।

ঢাকার বাইরের কনসার্টগুলো হবে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে। ঢাকার গালা ইভেন্টটি আর্মি স্টেডিয়াম অথবা ইন্টান্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজন প্রতিষ্ঠান উইন্ডমিল।

মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি জাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘সপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।