২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের নাটকে ইয়াশ-সাফা

‘ড্রিম অ্যান্ড লাভ’ নামে একটি নাটকে জুটি বাঁধলেন অভিনয়শিল্পী সাফা কবির ও ইয়াশ রোহান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 04:00 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

ছোটবেলা থেকে রুহীর স্বপ্ন নিজের একটি নাচের স্কুল দেওয়ার। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত তিনি ভাড়া বাসায় কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে নাচের স্কুল শুরু করেন। কিন্তু এতে বাঁধা হয়ে হয়ে দাঁড়ায় এলাকার বখাটে রবিন ও তার বন্ধুরা।

একদিন রবিন দলবল নিয়ে রুহীর নাচের স্কুল বন্ধ করতে হানা দেন। তবে পরে তিনি জানতে পারেন রুহীই সেই মেয়ে, যাকে তিনি একটি অনুষ্ঠানে নাচতে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে রবিন স্কুল বন্ধ করা থেকে পিছু হটেন। তিনি নিজেই সাফার কাছে নাচ শিখতে শুরু করেন।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু; রচনা করেছেন এস এম সালাহ উদ্দিন।

নাটকটিতে রুহী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও রবিন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইয়াশ রোহান।

সম্প্রতি রাজধানীর বনশ্রী এলাকার ঢাকা হিপ হপ আর্টস স্কুলে টানা দু'দিন মধ্যরাত পর্যন্ত নাটকটির শুটিং হয়েছে। নাটকটিতে নাচের কোরিওগ্রাফি করেছেন নিডো খান।

সাফা কবির বলেন, “নাচ নিয়ে আসলে তেমন কাজ করা হয় না। ‘ড্রিম অ্যান্ড লাভ’র গল্পটা দারুণ। ভালোবাসাকে ভিন্নভাবে দেখানো হয়েছে। তাছাড়া পুরো গল্পে নাচকে বেশ প্রাধান্য দেওয়া হয়েছে, যা দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।”

ইয়াশ রোহান বলেন, “এই নাটকে আমি যে চরিত্রটা নিয়ে অভিনয় করছি, সেটা আমি এনজয় করছি। এখানে আমাকে নাচ করতে হবে, যা আমি একেবারেই পারি না। আমার বন্ধুদের যদি কেউ প্রশ্ন করেন সবাই বলবে আমি নাচ একেবারেই পারি না। তারপরও কাজের প্রয়োজনে চেষ্টা করেছি। আশা করি দর্শক নাটকটি খুব পছন্দ করবেন। এই নাটকের জন্য কেন এতটা কষ্ট করছি, তা নাটক দেখে দর্শকরা বোঝতে পারবেন।”

সাফা-রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন মিনাক্ষী, সিয়াম নাসিরসহ প্রায় ৭০ জন নৃত্যশিল্পী।

ঘাসফড়িং ও হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই নাটকটি আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হবে।