২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নির্মাণ করবেন রিচি

চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 06:41 PM

Updated : 08 Apr 2022, 04:30 PM

অভিনয় জীবনের দুই দশক অতিক্রম করেছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। বর্তমানে আমেরিকা প্রবাসী এ শিল্পী জানালেন, এবার বেশকিছু চলচ্চিত্র প্রযোজনা করতে চান তিনি। আসন্ন ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ‘রাঙাসকাল’ অনুষ্ঠানে অতিথি হয়ে এমন ইচ্ছাই ব্যাক্ত করলেন এ শিল্পী।

অনুষ্ঠানে রিচি বলেন, “সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা করতে চাই। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করবো, যা শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।”

চলচ্চিত্রে গল্প দিয়েই দর্শকদের আকৃষ্ট করতে চান রিচি।  তার ভাষ্যে, “এখন ‘কনটেন্ট’-এর যুগ। বিশাল বাজেট কিংবা বহু তারকার প্রলোভন দেখিয়ে দর্শককে তুষ্ট করা যায়না। এখন নতুন স্বাদের গল্প দিয়ে দর্শকদের আকৃষ্ট করা যায়। আমি সে ধরনেরই কিছু চলচ্চিত্র প্রযোজনা করবো।”

দুই দশকের অভিনয় জীবনে নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও সফলতার সাথে কাজ করেছেন রিচি সোলায়মান। বর্তমানে আমেরিকায় বসবাস করলেও নিয়মিত বিরতিতেই দেশে ফিরে পর্দায় নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।

রুম্মান রশীদ খান ও লাবন্য’র উপস্থাপনায়, রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদ-উল-আযহার তৃতীয় দিন সকাল ৭টায়।