২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতুলের জন্মদিনে পথশিশুদের মুখে হাসি 

পথশিশুদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন সংগীতশিল্পী পুতুল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2019, 07:35 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

২০০৫ সালে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান থেকে উঠে আসা শিল্পীদের মধ্যে নিজেকে সংগীতজগতে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এমন কয়েকজন তরুণের মধ্যে পুতুলের নামটি অবশ্যই উচ্চারিত হবে।

শনিবার হালের জনপ্রিয় এ তারকাশিল্পীর জন্মদিন। জন্মদিনেও গানে গানেই সময় কাটছে তার। চাঁদপুরের মতলবে স্থানীয় এক কনসার্টে গান গাইবেন তিনি। মঞ্চে ওঠার আগে গ্লিটজকে জানালেন, দিনটি শুরু হয়েছে গানে গানেই। একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে। সেখান থেকেই জন্মদিনের কেক কাটার আয়োজনে গিয়েছেন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে।

পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘মজার ইশকুল’-এর শিশুদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেন এ শিল্পী। বললেন, “ওদের সঙ্গে দিনটা শুরু করে দারুণ লাগছিলো। অন্যরকম এক ভালোলাগা স্পর্শ করে গেছে। আর এখন কনসার্টে গাইতে উঠছি। শ্রোতাদের সঙ্গে জন্মদিনটি ভাগ করে নিতে পেরে ভালো লাগছে।”

নিজের জীবনের বিশেষ দিনে পুতুল প্রকাশ করছেন একটি করে নতুন গান। সম্প্রতি নিজের বিয়েতেও পুতুল নতুন একটি গান প্রকাশ করেন। জন্মদিন উপলক্ষেও নতুন একটি গান প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তিনি। কিন্তু গানের কাজ শেষ না হওয়ায় জন্মদিনেই প্রকাশ করা সম্ভব হয়নি গানটি।

পুতুল বলেন, “স্টুডিওতে রেকর্ডিংয়ের শেষ মুহুর্তের কিছু জটিলতায় গানটি প্রকাশ করা সম্ভব হলো না। তবে, এ সপ্তাহেই গানটি রিলিজ দেয়ার ইচ্ছে আছে। গানটি আমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।”

নতুন গান প্রকাশের পাশাপাশি আগামী মাসে যুক্তরাস্ট্র ও কানাডায় বেশকিছু কনসার্টে গাইবেন পুতুল।