ববিতার ঈদ ঢাকায়
গুণী অভিনেত্রী ববিতা এবার ঈদ উদযাপন করবেন রাজধানীর গুলশানের বাসায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ঈদ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ কানাডা প্রবাসী তার একমাত্র ছেলে অনিক ইসলাম ছুটি না পাওয়ায় দেশে ফিরতে পারেননি। তবে ঘরোয়া আয়োজনে বোনদের (সুচন্দা, চম্পা) সঙ্গে আড্ডা দেওয়ার পরিকল্পনা আছে তার।
স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে অনিককে নিয়েই ববিতার সংসার। ছেলেকে লেখাপড়াও করিয়েছেন কানাডায়। বছরের অনেকটা সময় ছেলের সঙ্গেই থাকেন তিনি। কয়েকদিন আগেও ছেলের সঙ্গে দেখা করে কানাডা থেকে ফেরেন এ অভিনেত্রী।
ছেলেকে নিয়ে দেশে ফিরতে চাইলেও চাকরির বিষয়টি বিবেচনায় রেখে একাই দেশে ফিরতে হয়েছে তাকে। ঈদের পর শিগগিরই ছেলের কাছে যাবেন বলেও জানালেন তিনি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ নায়িকা এখন চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে। কারণ হিসেবে চলচ্চিত্র শিল্পের ‘দুরাবস্থাকে’ দায়ী করেন তিনি।
১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে তার। এতে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তার প্রথম নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়।
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এর মতো সাড়া জাগানো চলচ্চিত্রে অভিনয় করে ববিতা খ্যাতি পেয়েছেন ভারতীয় উপমহাদেশে। সেরা অভিনেত্রী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রায় তিনশ চলচ্চিত্রের এ নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’, এটি মুক্তি পায় ২০১৫ সালে।
চলতি দশকের শুরু থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ববিতা।
