কপিল দেবের বোলিং নিয়ে ‘বড় সমস্যায়’ রণবীর সিং
কপিল দেবের আর সব ঠিকই আছে, কিন্তু বোলিংটা নিয়েই সমস্যায় পড়েছেন রণবীর সিং; ভারতের কিংবদন্তি ক্রিকেটারের বোলিং অ্যাকশনটা কিছুতেই রপ্ত করতে পারছেন না এই বলিউড অভিনেতা।
ভারতের ১৯৮৩ সালের প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ের গল্প রুপালি পর্দায় আনছেন চলচ্চিত্র নির্মাতা কবির খান; আর তাতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর।
এর আগে আজহারুদ্দিনের ভূমিকায় ইমরান হাশমি কিংবা মহেন্দ্র সিং ধোনীর চরিত্র রূপায়নে সুশান্ত সিং রাজপুতকে বড় সমস্যা পোহাতে হয়নি, কারণ তারা দুজনই ব্যাটসম্যান।
কিন্তু কপিল দেবের ব্যাট থেকে ১৭৫ রানের দানবীয় ইনিংস এলেও তিনি ভারতের সর্বকালের সেরা পেসার হিসেবেই স্বীকৃত। ফলে রণবীরকে কপিলের বোলিং করে দেখাতে হচ্ছে, আর তাতেই বেঁধেছে গোল।
কপিলের বোলিং নকল করতে গিয়ে সমস্যায় পড়ার কথা রণবীর নিজেই বলেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে প্রশংসিত এই অভিনেতার ভাষায়, “কপিল দেবের ব্যাটিং নিয়ে সমস্যা নেই, সমস্যা করেছে বোলিংটাই। এটাই সবচেয়ে কঠিন, যা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।”
রণবীর মনে করছেন, যে ভঙ্গিমায় কপিল দেব বল ছুড়ে দিতেন, তার শারীরিক গঠন তার জন্য উপযোগী নয়।
নিজের দেহকে কপিল দেবের বোলিং নকল করার জন্য উপযোগী করতে তাকে আরও কাজ করতে হবে বলে রণবীরের উপলব্ধি।
কপিল দেবের এই বোলিং ভঙ্গিমাই রপ্ত করতে পারছেন না রণবীর সিং
ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য ভেঙে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত; ওই দলের অধিনায়ক ছিলেন কপিল; যার ঝুলিতে রয়েছে ৪৩৪টি টেস্ট উইকেট এবং আড়াইশর বেশি ওয়ান ডে উইকেট।
দেশের স্মরণীয় সেই সাফল্য সেলুলয়েডে আনতে ‘৮৩’ নামে চলচ্চিত্রে হাত দিয়েছেন কবীর। আগামী বছরের মাঝামাঝিতে তা দর্শকরা দেখতে পাবেন বলে আশা করছেন তিনি।
এই চলচ্চিত্রটিতে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের ভূমিকায় অভিনয় করছেন তাহির রাজ ভাসিন। এছাড়া ওই দলের বিভিন্ন ক্রিকেটারের চরিত্র রূপায়ন করছেন সাহিল খাত্তার, আদিনাথ কোঠারে, চিরাগ পাতিল, পংকজ ত্রিপাঠী প্রমুখ।
