বেলাল খানের ‘কি করে ভুলি তোমায়’
নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান।
‘পাগল তোর জন্য রে’, ‘একমুঠো স্বপ্ন’, ‘সোনাপখি, ‘সামান্য সম্বল' কিংবা ‘একলা প্রহর’-এর মতো বেশকিছু জনপ্রিয় গান করেছেন বেলাল খান। অডিও ইন্ডাস্ট্রির পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাকও করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার নিজের ইউটিউব চ্যানেলে নিজের মনের মতো কিছু গান প্রকাশ করতে উদ্যোগী হয়েছেন এ শিল্পী।
‘বেলাল খান অফিসিয়াল’ নামের এ ইউটিউব চ্যানেলে এ শিল্পী প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান ‘কি করে ভুলি তোমায়’। প্লাবন কোরেশীর লেখা এই গানটি সুর সংগীত করেছেন বেলাল খান নিজেই। সঙ্গীতায়োজন করেছেন এম এ রহমান। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
স্পেন প্রবাসী মডেল ইনসাফ সুমন এবং অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি ও শিশু শিল্পী আরিয়া অরিত্রী গানটিতে মডেল হয়েছেন।
গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, “কিছুদিন আগে আমি আমার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি খুলেছি, যেখানে আমি আমার মত করে কিছু গান করতে পারবো, কিছু গান রিলিজ হয়েছে কিন্তু এই প্রথম আমি আমার নিজের চ্যানেলের জন্য বড় আয়োজনে ব্যয় বহুল এই মিউজিক ভিডিও তৈরি করেছি। ভালো একটি কাজ হয়েছে, আমার বিশ্বাস সবারই ভালো লাগবে।”
উল্লেখ্য, গানটি শিগগিরই ‘বেলাল খান অফিসিয়াল’-এ রিলিজ হবে।
