এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি
রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
চিকিৎসকদের বরাত দিয়ে তার ছোটভাই সালেহ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে থেকে তার খাদ্যনালী চেপে যাওয়ায় চিকিৎসকরা ওষুধ দিয়ে জটিলতা দূর করার চেষ্টা করছেন।
“ভাইয়ের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। ডাক্তাররা বলেছেন, ওষুধে না সারলে আল্লাহকে ডাকা ছাড়া উপায় নেই।”
পরিবারের তরফ থেকে এ অভিনেতাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তাবনা রাখা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক সন্তুষ্টির জন্য উনাকে দেশের বাইরে নিতে পারেন। কিন্তু এখানে যে চিকিৎসা চলছে বাইরেও সেই চিকিৎসায় হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছে এ অভিনেতা পরিবার।
সালেহ জামান বলেন, “উনি (প্রধানমন্ত্রী) ১০ তারিখে দেশে ফিরবেন। উনি আমাদের মুরব্বী। দেশে ফিরলে উনার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব ভাইয়ের ব্যাপারে। আল্লাহ যদি ততদিন উনাকে বাঁচিয়ে রাখেন।”
গত ২৬ এপ্রিল এ অভিনেতাকে অসুস্থ অবস্থায় আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এ অভিনেতার শারিরীক অবস্থা বিবেচনায় পরদিনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের তিন দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে। মাঝে কিছুদিন কেবিনে রাখার পর সোমবার দ্বিতীয়বারের মতো লাইফ সাপোর্টে নেওয়া হয় এ অভিনয়শিল্পীকে।
