এটিএম শামসুজ্জামান ফের লাইফ সাপোর্টে
পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানকে।
রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার অবস্থার কিছুটা উন্নতি হলেও সোমবার ফের অবনতি ঘটে।
এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে গ্লিটজকে জানান তার স্ত্রী রুনি জামান।
ফুসফুসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত কারণে দ্বিতীয়বারের মতো লাইফ সাপোর্টে নেওয়া হল এটিএম শামসুজ্জামানকে।
রুনি জামান বলেন, “তার শরীর সুস্থতার দিকেই যাচ্ছিল। গত কয়েকদিন বেশ কথা বলছিলেন আমার সঙ্গে। কিন্তু কথা বলতে গেলেই শ্বাসকষ্ট অনুভব করছিলেন কিছুটা। শরীর যথাযথভাবে অক্সিজেন পাচ্ছিল না।
“আজ (সোমবার) শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে যাওয়ায় তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে, তার শারীরিক অন্যান্য অবস্থা স্থিতিশীল আছে।”
এর আগে গত ৩ মে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল।
গত ২৬ এপ্রিল এ অভিনেতাকে অসুস্থ অবস্থায় আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এ অভিনেতার শারিরীক অবস্থা বিবেচনায় পরদিনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের তিন দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে।
