২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনারের নতুন গান ‘রং পেন্সিল’

প্রকাশিত হলো জনপ্রিয় কন্ঠশিল্পী মিনার রহমানের নতুন গান-ভিডিও ‘রং পেন্সিল’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 01:06 AM

Updated : 08 Apr 2022, 04:08 PM

গান গেয়ে খ্যাতি পেলেও ছবি আঁকার নেশাও আছে সংগীতশিল্পী মিনারের। এবার তার গানেই উঠে এলো রং পেন্সিল ও ক্যানভাসের কথা।

‘রং পেন্সিল তোকে কাটতে পারি না কোন শার্পনারে, যদি তুই ভেঙে যাস, রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা মন ক্যানভাসে, যদি তুই ক্ষয়ে যাস- এমন কথায় মিনারের নতুন গানটি গত ৩০ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ওমর ফারুক। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জী।

নিজের নতুন গান প্রসঙ্গে মিনার বলেন- “বেশ কিছুদিন আগে গানটিতে কন্ঠ দেই। এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। ভিডিওটিও রুচিশীল হয়েছে আশা করছি গানটি শ্রোাতাদের ভালো লাগবে।”

মাহমুদুর রহমান হিমি’র গল্প ও পরিচালনায় ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’ নাটকের গল্পে প্রথম ব্যাবহৃত হয়। নাটকের দৃশ্যায়ন থেকেই নির্মিত হয়েছে গানটির পৃথক ভিডিও। এতে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আরফান নিশো এবং মেহজাবিন চৌধুরী।

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।