২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করি’

নির্মম হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচারের দাবিতে এক রোড মার্চে অংশ নেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 05:55 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

“নুসরাতের জন্য শোক জানানোর ভাষা আমার জানা নেই। সবাই আসছে, সান্তনা জানাচ্ছে। আমি যখন তার মায়ের কাছে গেলাম, দেখলাম- তিনি শুধু এক শীতল চোখে তাকিয়ে ছিলেন। সন্তানহারা সে চোখের দিকে তাকানো যায় না। নুসরাতের মতো এমন নিপীড়নের শিকার যেন আর কোন মানুষ হতে না পারে তার প্রতিবাদে শামিল হয়েছি।”-বলছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

মঙ্গলবার নুসরাত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারী নির্যাতন প্রতিরোধ ও নারী অধিকার নিয়ে আন্দোলনরত সংগঠন ‘যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট’-এর রোডমার্চ ঢাকা-সোনাগাজীতে অংশ নেন জ্যোতি।

তিনি স্থানীয় আল হেলাল একাডেমীর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নুসরাতের কবরে ফুল দিতে যান। জ্যোতি জানান, নুসরাত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত রোডমার্চেও স্থানীয় মানুষ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেয়।

জ্যোতি বলেন, “আমরা ধর্ষনের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং দ্রুত কার্যকর হোক তা চাই। কারণ একটা অপরাধের বিচারহীনতাই আরেকটি অপরাধ ঘটার সুযোগ করে দেয়।”

রোডমার্চের শেষে সোনাগাজীতে আয়োজিত মানববন্ধনে জ্যোতি ছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জিন্নুরাইন উল্লাস, ঢাবি জাসদ ছাত্রলীগের সভাপতি মাসুদুর রাহাত, মানবাধিকার কর্মী সংগীতা ঘোষ, যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের আহ্বায়ক শিবলী হাসান।