সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে রাতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার রাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিল্পীর জামাতা ডা. রাজেশ শিকদার জানান, সিঙ্গাপুর থেকে সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। আনুষ্ঠানিকতা সেরে দশটায় মধ্যেই তাকে নিয়ে সিঙ্গাপুরের দিকে রওনা করবে অ্যাম্বুলেন্সটি।
এ শিল্পীর সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী।
প্রধানমন্ত্রীর নির্দেশে এ শিল্পীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।
একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দী গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিএমএইচে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সুবীর নন্দীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।
৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।
লাইফ সাপোর্টে থাকা সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে ১৯ এপ্রিল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম ও ডা. সামন্ত লাল সেন।
তখনই প্রধানমন্ত্রী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।
এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী দুই দফায় সব ধরনের সহযোগিতা দিয়েছেন বলে উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।
