দীর্ঘদিন পর মঞ্চে মান্টোর ‘ভাগের মানুষ’
দীর্ঘ প্রায় ৪ বছর পর পুনঃরায় মঞ্চস্থ হতে যাচ্ছে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’।
আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১৮০তম প্রদর্শনী হতে যাচ্ছে। পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
নাটকটি সম্পর্কে মান্নান হীরা জানান, ১৯৪৭ সালের দেশভাগের পর দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ভাবনা নিয়ে লালিত জনগণ তখন খাঁচায় বন্দী পাখির মতো কেবল দীর্ঘশ্বাস ছাড়ে এমন সময় ভারতবর্ষের নানা পাগলা গারদে খবর পৌঁছে যে সেখানকার হিন্দু পাগল ও মুসলমান পাগলদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। অথচ হিন্দুস্তান ও পাকিস্তান নামের দেশ দু’টি পাগলদের কাছে অপরিচিত। ঐ নামের দেশ অতীত ইতিহাসে বা ভূগোলে কোথাও চিহ্নিত নেই। লাহোর পাগলা গারদের পাগলরা সবাই একজোট হয়ে দুই সরকারের এহেন সিদ্ধান্তকে প্রতিবাদ ও প্রতিহত করার সিদ্ধান্ত নেয়।
এমন কাহিনির উপর নির্মিত অসাম্প্রদায়িক চেতনার নাটকটি ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও দেশের বাইরে প্রদর্শনী করে আসছে সময় নাট্যদল। এটি তাদের ২৬তম প্রযোজনা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, মাহমুদুল আলম, তোফায়েল সরকার, সুনিতা বড়–য়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মৌসুমী, সানী, মাসুম প্রমূখ।
