২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির আগুন নিয়ে বিবেকবানের অস্বস্তির রূপায়ন ‘আলফা’

‘একাত্তরের যিশু’ ও ‘গেরিলা’র পর বড়পর্দায় মুক্তি পেল নাসির উদ্দিন ইউসুফের নতুন চলচ্চিত্র ‘আলফা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2019, 08:48 PM

Updated : 18 Aug 2022, 05:12 PM

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনী। এখানে ফুটিয়ে তোলা হয়েছে শহরের যান্ত্রিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ঢাকা ও চট্টগ্রামে মোট চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানায়, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টা ও বিকেল সাড়ে ৫টা দুটি করে শো চলবে চলচ্চিত্রটির।

অন্যদিকে সীমান্ত স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে চলবে সকাল সাড়ে ১০টা ও সন্ধ্যা ৬টায়। চট্টগ্রাম সিলভার স্ক্রিনের শো টাইম দুপুর আড়াইটা। এছাড়া ঢাকার শ্যামলী সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে ‘আলফা’।

চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বলেন, “এটি একটি নীরিক্ষাধর্মী ছবি। আমার ব্যক্তিগত ছবি। ২০১৪-১৫ সালে যখন সারা দেশে আগুনে জ্বলছে, তখন আমি ভেবেছি, এ রকম একটি দেশের জন্য কি লড়াই করেছি কি না। তাহলে এই দেশের একজন মানুষের এখনকার অস্বস্তিটা কোথায়। আমরা দেখতে পাব যে, একটা মানুষের অস্বস্তি কোন পর্যায়ে গিয়েছিল তখন।”

মুক্তির আগে সম্প্রতি চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীতে অন্যান্য নির্মাতা ও শিল্পীদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে চলচ্চিত্রটি।

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দিলরুবা দোয়েল। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান। এছাড়াও অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা।

ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ।