সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী স্পর্শিয়া
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
মঙ্গলবার রাতে রাজধানীর নিকেতনে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন তিনি। তবে আশংকামুক্ত আছেন এই অভিনেত্রী
তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর সহকারী সজিব।
তিনি বলেন, “রাত ১১টার দিকে কাজ শেষে রিকশায় করে ফিরছিলেন তিনি। পেছন থেকে হঠাৎ একটি প্রাইভেট কারের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে গেলে তার মাথা ফেটে যায়।
“তার ফোন পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
স্পর্শিয়ার পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন। এ কারণে তিনি আপাতত কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না।
ছোট ও বড় পর্দায় দারুণ ব্যস্ত সময় পার করছিলেন স্পর্শিয়া। চলতি বছর তার অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
চলচ্চিত্রগুলো হলো- নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, ১১ নির্মাতার অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’, ও নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’।
